আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১
হাজার ২৯৭ জন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ৩১শে আগস্ট প্রকাশিত ভোটার তালিকার তুলনায় নতুন করে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ইসি সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। এতে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ২১শে জানুয়ারি। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি ইউপিতে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি ইউপিতে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ৮১৩টি ইউপিতে ১৩ মে এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউপিতে ২৭শে মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এদিকে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯শে ও ৩০শে নভেম্বর এবং ১ ডিসেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এটি ছাড়া বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
