গ্রেপ্তার এড়াতে কক্সবাজার থেকে সিলেটে এসেও রক্ষা পেলো না সাবেক এমপি আব্দুর রহমান বদি সিন্ডিকেটের চার সদস্য। রাতভর অভিযানের পর গ্রেপ্তার হয়েছে সিলেট পুলিশের হাতে। এ সময় পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও হোটেল ঘেরাও করে রাখে। সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ জেনেছে কক্সবাজার ও ঢাকায় পুলিশের নজরদারির মধ্যে পড়ায় তারা পালিয়ে সিলেটে আসেন। হোটেল কক্ষে তারা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
মঙ্গলবার মধ্যরাতের পর হঠাৎ সিলেট নগরের জল্লারপাড়ের গ্র্যান্ড প্যালেস হোটেল ঘেরাও করে পুলিশের একাধিক টিম। খবর পেয়ে সেখানে ছুটে আসেন নগরের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মীরা। রাত একটার দিকে সেখানে যান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জানান, হোটেলের ভেতরে গেস্ট সেজে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। এ কারণে পুলিশের পাশাপাশি নেতাকর্মীরা এসে হোটেলের সামনে অবস্থান নিয়েছেন। এ পর্যায়ে ভোররাত ৪টা পর্যন্ত হোটেলে অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ। এরপর পরিচয় নিশ্চিত হওয়ার পর সেখান থেকে তারা সাবেক এমপি বদির ছেলে, ভাই সহ তার সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইয়াবা পাচার সহ বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলা রয়েছে। অভিযান শেষে সিলেটে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন- সংবাদ ছিল এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তীতে হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- নেতাকর্মীরা হোটেলের বাইরে অবস্থান করায় কড়া নিরাপত্তায় চারজনকে পুলিশের গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার সময় বদির ছেলে দম্ভোক্তি প্রকাশ করে বলে- ‘আপা আসছে’। এ সময় সে আঙ্গুল উঁচিয়ে ‘ভি’ চিহ্ন দেখায়। এতে উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ দেখালে পুলিশ গাড়িতে তুলে তাদের নিয়ে যায়। এদিকে গ্রেপ্তারের পর হোটেল কক্ষে খবর নিয়ে জানা গেছে- কক্সবাজার থেকে নারী-পুরুষ ও শিশু মিলে মোট ১৬ জন ছিলেন। তারা হোটেলের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করেন। তবে হোটেলের এন্ট্রি লিস্ট তালিকায় কোনো পুরুষের নাম ছিল না। মহিলাদের নামে এন্ট্রি করে হোটেলে অবস্থান করে বদি সিন্ডিকেটের সদস্যরা।
হোটেল কর্তৃপক্ষ জানায়- মঙ্গলবার সকালে তারা হোটেল কক্ষ ভাড়া নিয়েছেন। কয়েকদিন তাদের হোটেলে থাকার কথা ছিল। পুরুষ চারজনকে গ্রেপ্তার করার পর সকাল পর্যন্ত মহিলারা হোটেল কক্ষে ছিলেন। গতকাল সিলেটের কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির মানবজমিনকে জানিয়েছেন- আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে পুলিশ তাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুলিশ জানায়- আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেয়া হয়।
