হামের টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সংক্রমণ থামছে না

হামের টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

ফন্ট সাইজ:

দেশে শিশুদের হামের সংক্রমণ থামছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। কয়েক দফা টিকা কর্মসূচি বাস্তবায়ন হলেও আক্রান্ত বন্ধ হচ্ছে না। সরকারের হিসাব বলছে, আগস্ট মাস থেকে সংক্রমণ বাড়ার পর সেপ্টেম্বর থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেয়া হয়। তাতেও মৃত্যু ও সংক্রমণ কমেনি। তাহলে টিকা কাজ করছে কিনা-প্রশ্ন আছে বিশেষজ্ঞ মহলে।
বিশেষজ্ঞদের দাবি, টিকাদান যে সঠিকভাবে হয়নি, সেটি সংক্রমণের হার দেখে বোঝা যাচ্ছে। তাই, টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা এবং টিকার মান সূক্ষ্মভাবে যাচাইয়ে পরামর্শ দিয়েছেন তারা।

দেশের ইতিহাসে চলতি বছরই দেশে হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। ২৪শে নভেম্বর পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৩৬১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।

এদিকে, হামের প্রাদুর্ভাবের পর তিন ধাপে টিকাদান কার্যক্রম হয়েছে। ৫ই এপ্রিল প্রথমে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু হয়। এরপর চারটি সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হয় ১২ই এপ্রিল। আর ২০শে এপ্রিল শুরু হয়ে ২০শে মে শেষ হয় দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে টিকাদান সম্পন্ন হওয়ার তথ্য দেয়। ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল কর্মসূচির আওতায় আনা শিশুর সংখ্যার সঙ্গে ব্যবধান থাকায় টিকা ‘কাভারেজ’ নিয়ে প্রশ্ন ওঠে। হামের মতো একই বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে সরকার। অর্থাৎ দুই কর্মসূচিরই আওতায় আনা শিশুর বয়স ছিল ৬ থেকে ৫৯ মাস। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, গেল ২৮শে জুন ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই হিসাবে প্রায় ৪৩ লাখ শিশুর ব্যবধান পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে বাদ পড়া শিশুদের হামের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়। বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে খুঁজে বের করে ২৬শে সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর হামের টিকাদানের লক্ষ্য ঠিক করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের ১৭ই নভেম্বরের তথ্য অনুসারে, দেশের ২ কোটি ১৮ লাখের বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে। এ হিসাবে, এখনো বাকি আছে ৩ লাখের মতো শিশু।
টিকা পায়নি এমন শিশুদের খুঁজে বের করে টিকাদানের কথা বলা হলেও ভিটামিন এ ক্যাপসুলের হিসাব ধরেই লক্ষ্য নির্ধারণ করা হয় বলে জানায় সরকারের সমপ্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই।

রোগতত্ত্ববিদ ও জাতীয় হাম-রুবেলা নির্মূল যাচাই কমিটি-এনভিসি’র চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, টিকার কাভারেজের কথা যেভাবে বলা হচ্ছে, তাতে হাম কমার কথা ছিল, কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তাই টিকাদানের ক্ষেত্রে সঠিক রিপোর্টিং হচ্ছে কিনা দেখতে হবে। আইইডিসিআর’র সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ইপিআইয়ের মাঠ পর্যায়ে প্রায় ২০ হাজার কর্মী সংকট রয়েছে। এত বিশাল সংখ্যক কর্মী সংকট নিয়ে সফল কার্যক্রম করা সম্ভব নয়।
ইপিআইয়ের তথ্য অনুযায়ী, রোগ প্রতিরোধের জন্য জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে শিশুকে মোট ১০টি টিকা দেয়া হয়। এর মধ্যে হামের দুই ডোজ টিকা দেয়া হয়। প্রথম ডোজ ৯ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে। এবার হামের প্রাদুর্ভাব বিবেচনায় এবং আক্রান্ত শিশুদের বয়স বিবেচনায় ৬ মাস বয়সী শিশুদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত জানায় বিশেষজ্ঞ কমিটি।