ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ও যুবলীগ নেত্রী তাজকিয়া তানিন সনির একটি ফোনালাপের অডিও সামনে এসেছে। কথোপকথনে মামলা, কারাবাস, আর্থিক ক্ষতি, পরিবারের সদস্যকে হুমকি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত আলোচনা শোনা যায়। আলাপে উঠে এসেছে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ইঙ্গিতপূর্ণ প্রস্তাবও। কথোপকথনের সময় সনিকে ওসির বাংলোয় যাওয়ার জন্য বারবার চাপ দেয়া হয়। কথোপকথনটি মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এদিকে ওই কলরেকর্ড ফাঁস হওয়ায় ওসি ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাকে কারাবাস করতে হয়েছে এবং জামিনে দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সাধারণ মামলা দেয়ার শর্তে জনৈক তুহিনের মাধ্যমে ওই যুবলীগ নেত্রী ওসিকে ২ লাখ টাকা দেন। এ ছাড়া তিনি প্রায় আড়াই লাখ টাকার দেনার মধ্যে পড়েছেন বলেও জানান। তার অভিযোগ, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছেন। কথোপকথনে ওই নারীনেত্রী পুলিশের কাছে বারবার অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, অভিযোগ থাকা সত্ত্বেও পারভেজের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি দাবি করেন, তার বোনকে মারধরের চেষ্টা ও ফোনে গালিগালাজের ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, ওসি ফয়জুল আজিম নোমান কথোপকথনের সময়, বিষয়টি নিয়ে তিনি আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন। তিনি বলেন, রাজনীতি, স্বার্থ ও টাকা-পয়সার বাইরে থেকে বিষয়টি বিবেচনা করে তার সঙ্গে যোগাযোগ রাখার কথা। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে এলে নিজের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির আশঙ্কার কথাও উল্লেখ করেন। একাধিকবার ওই নারীকে থানার ভেতরে থাকা বাংলোয় একাই আছেন উল্লেখ করে সেখানে যাওয়ার জন্য বলেন। কথোপকথনে উঠে আসে যুবলীগ নেতা পারভেজ সাবেক ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের হেফাজতে আছে। একপর্যায়ে তাসলিফ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং দুই লাখ টাকা নেয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা বলা হয়েছে-এমন অভিযোগ তোলেন নারীনেত্রী। এ ছাড়া নারীনেত্রী তার স্বামী যুবলীগ নেতা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেন, তিনি একাধিকবার দাগনভূঞা থানায় গিয়ে অভিযোগ করেছেন কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
তবে ওসি ফয়জুল আজীম নোমান এ বিষয়ে বলেন, তিনি ওই যুবলীগ নেত্রী থেকে কোনো টাকা নেননি। তিনি কার মাধ্যমে টাকা লেনদেন করেছেন ও নাশকতার পরিকল্পনায় কারা জড়িত তা সে তথ্যের জন্য থানায় আসতে বলেছেন। জেলা পুলিশ সুপার মো. হাবিব উল্যাহ বলেন, অডিওটি’র সত্যতা, কথোপকথনের পূর্ণ প্রেক্ষাপট এবং উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত চলছে। সত্যতা মিললে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
