চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কলার বাগানে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কৃষকলীগ নেতা ছিলেন। পুলিশ বলছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ককটেল তৈরি করা হচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন একজনের মরদেহ পড়ে আছে। এ ছাড়া এলাকায় বারুদের গন্ধ ও ককটেল তৈরির সরঞ্জামও পড়েছিলো।
গত ১৯শে নভেম্বর থেকে শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে উপস্থিত নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মিছিল করেন। জুলাই পরবর্তী সময়ে ১৯শে নভেম্বর থেকে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করছিলেন দলটির নেতাকর্মীরা। বিদেশে বসে সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুল নেতাকর্মীদের নাশকতার নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে। সমপ্রতি শিবগঞ্জ সীমান্ত থেকে নাশাকতার উদ্দেশ্যে তৈরি করা ১৯টি তাজা ককটেল উদ্ধার করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল তৈরির সময় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম পড়েছিল। সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
