৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশন লিমিটেড বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

বেতন-ভাতা বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশন লিমিটেডের শত শত শ্রমিক নীলফামারী-ডোমার প্রধান সড়ক অবরোধ করে। গতকাল বুধবার এ ঘটনায় চরম উত্তেজনা দেখা দেয়ায় কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্র ও কর্মরত শ্রমিকরা জানায়, নীলফামারী-ডোমার প্রধান সড়কের তরণীবাড়ী অচিন তলা এলাকায় প্রতিষ্ঠিত উত্তরা ইপিজেডস্থ এভারগ্রিন বিডি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশন লিমিটেডে (পরচুল তৈরি) কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন থেকে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক প্রদান, কর্মঘণ্টা ও কাজের চাপ কমানোসহ ৯ দফা দাবি করে আসছিলেন। শ্রমিকরা স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করে বলেন, দাবি-দাওয়া মানা তো দূরের কথা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করছেন। তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরির ন্যূনতম সামঞ্জস্যতা নেই।

এখানে কোনো কোনো শ্রমিক দিনে ৫টাকা, কেউ বা ৬০ টাকা সর্বোচ্চ ৯০ টাকা মজুরি পেয়ে থাকেন। যা বলার মতো নয়। অথচ কাজ ও কর্মঘণ্টা অন্যান্য মিলগুলোর মতোই। তারা বলেন, দীর্ঘদিন থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তাতে কোনো সায় না দিয়ে উপরনু্ত কর্মঘণ্টা ও কাজের চাপ বৃদ্ধি ও কথায় কথায় শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করেই গতকাল সকালে শত-শত শ্রমিক মিল ছেড়ে নীলফামরী-ডোমার সড়কের অচিন তলা নামক স্থানে সড়ক অবরোধ করেন। সকাল ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা ধরে এ অবরোধ চলাকালে সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে কোম্পানির উপ-মহাব্যবস্থাপক জাকির হেসেন সুমন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছেন এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা করার আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নিয়েছে। তিনি বলেন, কোম্পানির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আগামী ৩দিন কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে।