মন্ত্রী-নেতাদের দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রংপুর বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের। জুটছে না তাদের কপালে পদ ও পদবি। যারা লবিং ও তোয়াজ করে নেতা-মন্ত্রীদের ম্যানেজ করছে, তারাই পাচ্ছে দলের গুরুত্বপূর্ণ পদ। ত্যাগী নেতাকর্মীদের এমন অভিযোগ অহরহ।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ ধরে হ-য-ব-র-ল অবস্থায় চলছে বিএনপি’র স্থানীয় রাজনীতি। ২০ বছর ধরে বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটির রূপ মেলেনি। ফলে অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। বিভক্ত নেতাকর্মীরা। ক্ষোভের অনলে পুড়ছে বিএনপি। আর এ কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
২০০৪ সালে রংপুর জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। প্রায় দুই যুগ আগে রহিম উদ্দিন ভরসাকে সভাপতি এবং স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে সাধারণ সম্পাদক, কাকসু জিএস শহিদুল ইসলাম মিজুকে সাংগঠনিক সম্পাদক করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রংপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিলেন।
১/১১ পরবর্তী সময় ২০০৯ সালে রহিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক করে কমিটি করা হলে তা এক মাসের মধ্যেই বিলুপ্ত হয়। এরপর ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দাকে আহ্বায়ক করে জেলা বিএনপি’র কমিটি গঠন হলে সেই কমিটিও কিছুদিনের মধ্যে ভেঙে যায়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে আহ্বায়ক করে কমিটি গঠন হয়। ২০১২ সালে রংপুর সিটি করপোরেশন গঠিত হলে এর আড়াই বছর পর ২০১৪ সালে রংপুর মহানগর বিএনপি’র প্রথম কমিটিতে মোজাফফর হোসেনকে সভাপতি, সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক, আনিসুর রহমান লাকুকে সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপিতে এমদাদুল হক ভরসাকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন হলে ২০১৭ সালের আগস্ট মাস পর্যন্ত কার্যক্রম পরিচালনা করলেও পূর্ণাঙ্গ কমিটি না হতেই তা ভেঙে যায়।
একই মাসে মহানগর বিএনপিতে পুনরায় মোজাফফর হোসেনকে সভাপতি, শহিদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এবং জেলা বিএনপিতে সাইফুল ইসলাম সভাপতি এবং রইচ আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়। তৎকালীন সময়ে হাসিনা হটাও আন্দোলন সংগ্রাম ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচন অংশ না নেয়া বিএনপি তৃণমূল নেতাকর্মীদের ঢালাওভাবে জেলজুলুম পুলিশি নির্যাতন অব্যাহত থাকে। ২০১৯ সালে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য প্রস্তাবনা আকারে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বরাবর পত্র প্রেরণ করা হয়।
অনেকদিন কালক্ষেপণ করে অসুস্থতাসহ বিভিন্ন অজুহাতে কমিটি অনুমোদনে ব্যাহত হয় বলে জানা যায়। ২০১৯ সালের পহেলা সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষ করে সেদিন রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মহানগর বিএনপি’র সভাপতি মোজাফফর হোসেন ইন্তেকাল করেন। এতে করে মহানগর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামুকে প্রটোকল অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও কেন্দ্র তা করেনি, আর এখানেই আটকে যায় মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দুয়ার। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সাল পর্যন্ত রংপুর মহানগর বিএনপি চলে সভাপতিবিহীন।
২০২২ সালে সেই কমিটি পূর্ণাঙ্গ রূপ না দেখেই নেতাকর্মীরা পেলেন আবার অ্যাডহক কমিটি। সেখানে সামসুজ্জামান সামুকে আহ্বায়ক, এড. মাহফুজ উন নবী চৌধুরী ডনকে সদস্য সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে মহানগর বিএনপি’র ৪২ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। ২০২৫ সালে বিএনপি ৩৩টি ওয়ার্ডে সম্মেলন প্রস্তুত কল্পে প্রতিটি ওয়ার্ডে সুপার ফাইভ সদস্য কমিটির মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে ২৪৮টি ডেলিগেটের-ভোটার মনোনীত করা হলেও, সেখানে অযোগ্যদের স্থান দেয়া হয় বলে অভিযোগ ওঠে।
২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর এক বুক আশা নিয়ে ত্যাগী নেতাকর্মীরা ওপর মহলের দিকে তাকিয়ে থাকলেও, বাস্তবতা দেখে হতাশ। একাধিক নেতাকর্মীদের অভিযোগ, রংপুরের রাজনীতির দুরবস্থায় কেন্দ্রীয় নেতাদের নজর নেই। বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা রংপুরের হারানো ছয় আসন ফিরে পেতে হলে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার করতে হবে। আগামীতে শক্তিশালী বিএনপি পেতে জেলা ও মহানগর কমিটিতে দলের শতভাগ কমিটেড আদর্শিক নেতৃত্বের বিকাশ ঘটাতে যা করণীয় তাই করবেন। বিএনপি’র রংপুর শহর কমিটির সাবেক সভাপতি কাওছার জামান বাবলা বলেন, কারও পদ নেই, আবার কেউ একাধিক পদে রয়েছে।
সাবেক ছাত্রনেতা, রংপুর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, এড. জোবাইদুল ইসলাম বলেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ও ক্ষমতায় থেকে মন্ত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্যদের পদায়ন করা হচ্ছে। যে খেলার ‘ক’ ও বোঝে না এমন তেলবাজ ব্যক্তিদের করা হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। সাহিত্য সাংস্কৃতিকের সঙ্গে জড়িত না থাকলেও পাচ্ছেন শিল্পকলার, রেড ক্রিসেন্ট ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংস্থার পদ। যা দলের জন্য হুমকিস্বরূপ।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুরের সাবেক সংরক্ষিত আসনের এমপি সাহিদা রহমান জোৎস্না বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে রংপুর বিএনপি’র অঙ্গসংগঠন মহিলা দলের নেতৃত্বে থেকে ১৭ বছর রাজপথে লড়াই করে পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। আকস্মিকভাবে কমিটি ভেঙে দেয়ার পর আর আমাকে মূল্যায়ন করা হয়নি।
সাবেক বিএনপি নেতা এসএম পান্না বলেন, ত্রয়োদশ নির্বাচনের আগে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এক বার্তা ছিল “যারা দলের সভাপতি-সেক্রেটারির দায়িত্বে থাকবেন তারা এমপি-মন্ত্রী হবেন না, তৃণমূলের নেতাকর্মীরা এই বক্তব্যের পুরোপুরি প্রতিফলন চায়।
মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে আদর্শিক ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করছেন। রংপুরেও বিএনপিকে শক্তিশালী করতে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন এখন সময়ের দাবি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলে আগামী দিনে দলের সংকট মুহূর্তে নেতা থাকলেও কর্মী খুঁজে পাওয়া যাবে না।
