বিদ্যালয়ের পোশাক গায়ে, পিঠে বইয়ের ব্যাগ। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা তাদের। কিন্তু বিদ্যালয়ে পৌঁছাতে এখন আর স্বাভাবিক রাস্তা নেই। সামনে উঁচু দেয়াল, নিচে কাঠের মই। সেই মই বেয়ে ঝুঁকি নিয়ে একে একে পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কারও পা পিছলে যাচ্ছে, কেউ দেয়াল আঁকড়ে ধরে এগোচ্ছে। এভাবেই উখিয়ার ইনানীতে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে একদল শিশুকে।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ছোট খালের সেতু দিয়ে চলাচল বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় উদিত গ্যাসের আগুনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে স্বাভাবিক চলাচল সীমিত করায় সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। বিদ্যালয়ে যেতে তাদের এখন দেয়াল টপকাতে হচ্ছে, কোথাও ব্যবহার করতে হচ্ছে অস্থায়ী কাঠের মই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনানী ছোট খালের সেতুর এলজিইডি সড়কসংলগ্ন এলাকায় গ্যাসের আগুনের ঘটনার পর থেকে নিরাপত্তার কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের জন্য এখনো নিরাপদ বিকল্প চলাচলের ব্যবস্থা নিশ্চিত হয়নি। ফলে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসার সময় শিশুদের ঝুঁকি নিতে হচ্ছে।
বিকল্প হিসেবে মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করার সুযোগ থাকলেও অভিভাবকরা ছোট শিশুদের নিয়ে সেই পথকে নিরাপদ মনে করছেন না। কারণ ব্যস্ত এই সড়কে পর্যটকবাহী জিপ, মোটরসাইকেল, অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অন্যদিকে, দেয়াল টপকে পারাপারের সময়ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের পড়ে গিয়ে হাত-পা ও কোমরে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আসন্ন বার্ষিক পরীক্ষা নিয়ে। আগামী ৩রা ডিসেম্বর থেকে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু যাতায়াতের এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হবে বলে মনে করছেন অভিভাবকরা।
স্থানীয়দের দাবি, গ্যাসের আগুনের স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় অন্তত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে সেতু পারাপারের ব্যবস্থা করা সম্ভব। বিদ্যালয়ে যাওয়া ও ছুটির সময় পুলিশি তত্ত্বাবধানে শিশুদের নিরাপদে পারাপারের সুযোগ করে দিলে এই দুর্ভোগ অনেকটাই কমবে। এ অবস্থায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, এলজিইডি ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
