ব্রাকসু নির্বাচন চান সবাই, তবু হচ্ছে না ভোট

ফন্ট সাইজ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন চান ছাত্রদল, ছাত্রশিবির, নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তফসিল ঘোষণা ও একাধিকবার পরিবর্তনের পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করা অনেক প্রার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে, কেউ কেউ যোগ দিয়েছেন চাকরিতে। অন্যদিকে মনোনয়ন ফরম বিক্রি করে সংগ্রহ করা অর্থও এখনো ফেরত পাননি প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্রাকসু নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদের পাশাপাশি মুখতার ইলাহী, বিজয়-২৪ ও ফেলানী হল সংসদের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছিল।

কেন্দ্রীয় সংসদে ১৩টি এবং তিনটি হল সংসদে ৯টি করে মোট ৪০টি পদে নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল ৪০০ টাকা এবং হল সংসদের প্রতিটি ফরম ৩০০ টাকা। সে হিসাবে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ৪০টি ফরম সংগ্রহে ব্যয় হয় ১৩ হাজার ৩০০ টাকা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত দু’টি প্যানেল থেকেই প্রায় ৪০টি করে ফরম সংগ্রহ করা হয়েছিল। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ফরম কেনেন। নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির।

মনোনয়ন ফি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমাদের কাছ থেকে মনোনয়ন ফি নেয়া হয়েছে, কিন্তু নির্বাচন হয়নি। সেই ফি কী কাজে ব্যয় করা হয়েছে, তা আমরা জানি না। অন্যদিকে ব্রাকসুর গঠনতন্ত্রে ত্রুটি-বিচ্যুতি রয়েছে দাবি করে সংশোধনের মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ব্রাকসুর সংবিধানে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচন দেয়া উচিত। পাশাপাশি পদসংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ছাত্র সংসদের ক্ষমতা আরও বাড়াতে হবে। তিনি আরও বলেন, আমরা খুব শিগগিরই বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবো এবং তাদের মতামত নেবো।

এদিকে নির্বাচন না হওয়ায় আগের প্রার্থীদের অনেকের ছাত্রত্ব শেষ হয়েছে। সিএসই বিভাগের শিক্ষার্থী রহমত আলী ব্রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, এখন চাকরি-বাকরি নিয়ে আছি। এসব নিয়ে এখন আর বলার কিছু নেই। নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, ব্রাকসুর টাকা হিসাব অফিসে আছে।

শিক্ষার্থীরা যখনই চাইবে, তখনই ব্রাকসু নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীরা যেদিন চাইবে, সেদিনই ব্রাকসু নির্বাচন হবে। আর যে টাকা রয়েছে, তা খুব শিগগিরই ফেরত দেয়া হবে। তিনি আরও বলেন, অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তাদের প্রার্থিতা বাতিল হবে।