হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমীর

হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমীর

ফন্ট সাইজ:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে তিনি দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমীর।

বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিরোধীদলগুলোর সঙ্গে সরকারপ্রধানের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান জানান, ফ্যাসিবাদবিরোধী ঐক্য দীর্ঘমেয়াদী হবে বলে তিনি প্রত্যাশা করেন।

মালয়েশিয়া সফর স্থগিত করে দেশে ফেরেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিন দিনের অস্ট্রেলিয়া সফর শেষে এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এর আগে গত ২০ নভেম্বর পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করে দেশে ফেরেন জামায়াত আমীর।