অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছান।
অস্ট্রেলিয়া সফরের পর মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিলো আমীরের। তবে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ ছাড়া সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির। তার কর্মসূচিতে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সফরসঙ্গী হিসেবে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সেক্রেটারি জেনারেলসহ দায়িত্বশীল নেতারা তাকে বিদায় জানান।
