প্রথম আলো
‘নাশকতার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিবিশেষকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন, এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এসব নির্দেশনায় পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
তবে যেকোনো নাশকতা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলো। মাঠপর্যায়ে পুলিশের বাড়তি সতর্কতা ও প্রস্তুতির পাশাপাশি ঢাকাসহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারও কারও মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। অন্যান্য মাধ্যমেও এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বর অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। বাস্তবে মাঠে তেমন কোনো কর্মসূচি দেখা না গেলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটে। বিশেষ করে গোপালগঞ্জে দুটি থানায় এবং বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িতে হামলা, আগুনসহ বেশ কিছু ঘটনা ঘটে।
গোপালগঞ্জের এসব ঘটনার বাইরে ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এখন নতুন করে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির কথা অনলাইনে প্রচার করা হচ্ছে। অন্যদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা চলতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে।
বিশেষ নির্দেশনা
ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি অনলাইনে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে গতকাল সীমান্তবর্তী পাঁচটি জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলছেন, সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে। অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত দালালদের ওপর নজরদারি রাখতে বলা হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে পুশ ইন বন্ধে সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তথ্য আদান-প্রদানেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে। দেশের ৬৪টি জেলার মধ্যে ৩২টি সীমান্তবর্তী। এর মধ্যে ৩০টির সঙ্গে ভারতের এবং তিনটির সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। রাঙামাটির সঙ্গে দুই দেশেরই সীমান্ত রয়েছে।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও সতর্কতা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চোরাগোপ্তা হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদের ক্ষতিসাধন করা হতে পারে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা তথ্য পাচ্ছেন; যাতে আন্তর্জাতিকভাবে এসব ঘটনা ব্যাপক প্রচার পায়।
ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেটিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের অনুসারীরা ব্যাপকভাবে প্রচার করেন। যদিও ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই। এ পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।
সীমান্তবর্তী কয়েকটি জেলায় বিশেষ নজর
সীমান্তবর্তী একাধিক জেলার পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ভারত থেকে যাতে কেউ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দেশে ঢুকতে না পারেন, সে জন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সুপাররা আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা জেলা পুলিশকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই জেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে গেছেন। এ ছাড়া সুনামগঞ্জ, সিলেট ও কুমিল্লা জেলা পুলিশকেও বাড়তি নজর রাখতে বলা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তে বিজিবি কাজ করে। পুলিশ জেলার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখে। যেকোনো ধরনের অপরাধ দমনে তাঁরা কাজ করছেন। সীমান্ত দিয়ে জেলার ভেতরে চোরাচালানের মাধ্যমে যেন কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অবৈধভাবে লোকজন পারাপারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে। গত এক সপ্তাহে পাঁচজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সিলেটে সভা করেছেন। তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।
কুমিল্লা সীমান্ত দিয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের যাতায়াত রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের কাছে তথ্য রয়েছে। ওই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে আটক করে বিজিবি। অবশ্য পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সীমান্তে যৌথ অভিযান চলছে। এই সীমান্ত দিয়ে দেশে অবৈধভাবে প্রবেশ করে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না।
১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন বলে জানা গেছেন।
গতকাল বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ এসব জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে’। প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ-গ্যাসের সংকটে কারখানা চালানোই কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে উৎপাদন থেকে বিনিয়োগ, কর্মসংস্থান-সবখানেই। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি কমেছে নতুন কর্মী নিয়োগও। সবচেয়ে উদ্বেগজনক চিত্র মূলধনি বিনিয়োগে। এক বছরের ব্যবধানে কারখানাপ্রতি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। অর্থাৎ নতুন যন্ত্রপাতি কেনা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিবর্তে বিনিয়োগে বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে শিল্প খাতে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করে এ জরিপ তৈরি করা হয়েছে।
জরিপের তথ্য বলছে, এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত শিল্পোৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ০.৪ শতাংশ কমেছে। তবে খাতভেদে উৎপাদনের চিত্রে বড় পার্থক্য রয়েছে। জরিপে ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে বলে উঠে এসেছে। অন্যদিকে ৩০টির উৎপাদন কমেছে ৫ শতাংশের বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
উৎপাদন সক্ষমতার ব্যবহারেও অবনতি হয়েছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের উৎপাদন সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করেছিল। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে সক্ষমতার ব্যবহার ৭৩ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে।
জরিপে শিল্পের প্রধান সংকট হিসাবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ। কারখানাগুলোয় দৈনিক বিদ্যুৎবিভ্রাটের সময় বেড়ে ৪.১ ঘণ্টায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের তুলনায় যা দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় ০.৯ ঘণ্টা থেকে বেড়ে হয়েছে ৩.২ ঘণ্টা। বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ১৭ শতাংশে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসাবে চিহ্নিত করেছে। ৯৩ শতাংশ কারখানা এটিকে প্রধান তিনটি বাধার মধ্যে রেখেছে। কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের ব্যয়কেও বড় সমস্যা হিসাবে দেখছে শিল্পপ্রতিষ্ঠানগুলো। উভয় ক্ষেত্রেই ৩৭ শতাংশ কারখানা বিষয়টিকে প্রধান তিনটি বাধার একটি বলেছে। এদিকে কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা কর্তৃপক্ষ।
কালের কণ্ঠ
‘ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা করা হয়েছে। শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেও সমঝোতায় পৌঁছতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টায়। দুই পক্ষের মধ্যে প্রস্তাবের ব্যবধান কমাতে দফায় দফায় লোচনা করা হলেও শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাসিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। তবে রাত ৩টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
নির্ধারিত নতুন মজুরি অনুযায়ী গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা, গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ৪-এ ১৭ হাজার টাকা।
বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ দাবি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে মালিকপক্ষ সর্বোচ্চ ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়। দীর্ঘ দর-কষাকষির এক পর্যায়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান শ্রমিকদের দাবির পক্ষে আরো ২০০ টাকা বাড়িয়ে একটি প্রস্তাব দেন। তবে চেয়ারম্যানের এই প্রস্তাবেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরে মালিকপক্ষের ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাবের মধ্যে ভোটাভুটি হয়। এতে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে চারটি ভোট পড়ে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দেন দুজন। ফলে ভোটাভুটিতে মালিকপক্ষের ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির এই ফল নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, ‘৪ নম্বর গ্রেডে আমাদের দাবি ছিল সর্বশেষ ১৮ হাজার টাকা। মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। এর পর ছয়জনের মধ্যে ভোটাভুটি হয়। ছয় ভোটের মধ্যে ১৮ হাজার টাকা পায় দুই ভোট এবং ১৭ হাজার টাকা চার ভোট পায়।’
তারপর চেয়ারম্যান ৪ নম্বর গ্রেডে ১৭ হাজার টাকা তাঁর ঘোষণা করেন। ভোটাভুটিতে মালিকপক্ষের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পেলেও নতুন মজুরি কার্যকরের আগে আরো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে নিম্নতম মজুরি বোর্ড ভোটাভুটির ফল ও সংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠাবে। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সরকারি সিদ্ধান্তের প্রক্রিয়া এগিয়ে নেবে।
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘দেশে প্রতিদিন গড়ে ৫৭ নারী ও শিশু নির্যাতনের শিকার’। প্রতিবেদনে বলা হয়, নরসিংদীর এক কিশোরী রাজধানীর গুলশানের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। কুমিল্লার বুড়িচংয়ের এক তরুণ টিকটকারের সঙ্গে সামাজিক মাধ্যমে ওই গৃহকর্মীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত ২৫ সেপ্টেম্বর কিশোরীকে বুড়িচংয়ে ডেকে নেয় ওই তরুণ। রাত ৯টায় সেখানে পৌঁছানোর পর তাকে ময়নামতি পাহাড়ের পাদদেশে একটি স্কুলে নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় তরুণ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরদিন অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।
এমন ঘটনা বিচ্ছিন্ন নয়। সামাজিক মাধ্যমে পরিচয়, প্রেম কিংবা বিয়ের প্রলোভনে পড়ে কিশোরী, নারী নির্যাতন, ধর্ষণ ও পাচারের শিকার হচ্ছেন। শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়; পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানাভাবে শিশু, কিশোরী, তরুণী, নারী সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন। অধিকাংশ ঘটনা লজ্জা, ভয়, সামাজিক চাপ কিংবা বিচারহীনতার শঙ্কায় আড়ালে থেকে যায়। ফলে সরকারি-বেসরকারি পরিসংখ্যানে যে চিত্র উঠে আসে, বাস্তবে এর সংখ্যা অনেক বেশি।
এমন পরিস্থিতির মধ্যেই আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি ঘিরে নারী-শিশুর নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার বিষয়টি সামনে এলেও বাস্তবে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি জরুরি। এ ছাড়া দ্রুত বিচারের মাধ্যমে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এ অপরাধ অনেকটা লাগাম টেনে ধরা সম্ভব।
পুলিশ সদরদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ লাখ ২১ হাজার ২৬টি মামলা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫৭টি নির্যাতনের ঘটনা ঘটছে। আর চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রতিদিন গড়ে ৬১টির বেশি। এই সময়ে মোট নির্যাতনে ঘটনা সারাদেশে ১৮ হাজার ৬৬৮টি।
ইত্তেফাক
‘সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা’—এটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশের বিমান চেয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। এমন দাবিতে প্রত্যাখ্যান করেছের সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তবুও ডিসেম্বরে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের অপতত্পরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—সে জন্য বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোরের বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তথ্যও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও সার্চলাইট বসানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও চৌকিদার-দফাদারদের সম্পৃক্ত করে রাতের বেলায় পাহারা জোরদার করা হয়েছে। যাতে কোন সীমান্ত এলাকা দিয়ে কেউ কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া বা কঠোর নজরদারি ও হাতকড়া পরানো ছাড়া তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের কোনো দূতাবাসে যদি শেখ হাসিনা যান তাহলে সেখানেই তাকে গ্রেফতার করা হবে।
ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, ঝটিকা মিছিল ও অস্থিতিশীলতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বহুমুখী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন এবং গোপালগঞ্জে আলাদাভাবে ২ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইজিপি আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরসহ স্পর্শকাতর জেলায় কাজ করছে। পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা এবং গুজব ও সহিংসতা প্রতিরোধে কাজ করছে। গোপালগঞ্জসহ অস্থিরতাপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘খেলাপি ঋণ কমাতে বিকল্প উদ্যোগের তাগিদ’। প্রতিবেদনে বলা হয়, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন আর শুধু ব্যাংকের আর্থিক সঙ্কট নয়, এটি সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমর্যাদার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ঋণ পুনঃতফসিল, ঋণ নবায়ন, সুদ মওকুফ কিংবা এককালীন ঋণ পরিশোধের সুযোগ দিয়েও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং বিভিন্ন সময়ে এসব সুবিধা দেয়ার পরও খেলাপি ঋণের পাহাড় বড় হচ্ছে। ফলে প্রচলিত পদ্ধতিতে আর কাজ হবে না বলে মনে করছেন অর্থনীতি ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, এখন প্রয়োজন খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন, স্বতন্ত্র সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠন, ঋণখেলাপিদের দায় নির্ধারণ এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিক পরিসংখ্যান অনুযায়ী, মাত্র তিন মাসে ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৫০ কোটি টাকা। একই সময়ে ব্যাংকগুলোর মোট ঋণের স্থিতি বেড়েছে প্রায় পাঁচ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, নতুন ঋণ বিতরণ ও ঋণের প্রবৃদ্ধির তুলনায় খেলাপি ঋণ বৃদ্ধির গতি কয়েক গুণ বেশি। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে বড় অংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ। প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশ এই শ্রেণীর।
এই চিত্রের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ব্যাংক থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, কিন্তু উৎপাদনশীল বিনিয়োগে তার যথাযথ প্রতিফলন ঘটছে না। অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এতে মুনাফা কমছে, মূলধন দুর্বল হচ্ছে এবং নতুন ঋণ দেয়ার সক্ষমতা সঙ্কুচিত হচ্ছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলোর কাছেও দেশের ব্যাংকিং খাতের ঝুঁকির চিত্র নেতিবাচক বার্তা দিচ্ছে। এর প্রভাব পড়তে পারে বিদেশী বিনিয়োগ, বৈদেশিক ঋণের ব্যয় এবং দেশের সামগ্রিক ক্রেডিট রেটিংয়ে।
বিশ্বের অভিজ্ঞতা: শুধু পুনঃতফসিল নয়, ব্যবস্থা বদল
বিভিন্ন দেশ ব্যাংকিং খাতে বড় ধরনের খেলাপি ঋণ সঙ্কট মোকাবেলা করেছে। তবে তাদের অভিজ্ঞতা বলছে, শুধু ঋণ পুনঃতফসিল বা সুদ মওকুফ করে সমস্যার সমাধান হয় না। বরং খেলাপি ঋণ ব্যাংকের হিসাব থেকে আলাদা করা, প্রকৃত ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং অকার্যকর প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া জরুরি।
দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সঙ্কটের পর দেশটির ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় সরকার কোরিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন (ক্যামকো) গঠন করে। প্রতিষ্ঠানটি ব্যাংকগুলোর কাছ থেকে ছাড়মূল্যে খেলাপি ঋণ কিনে নেয়। পরে ঋণগ্রহীতার সম্পদ, জামানত ও ব্যবসার সম্ভাবনা যাচাই করে ঋণ আদায়, পুনর্গঠন, সম্পদ বিক্রি এবং বিনিয়োগকারীদের কাছে ঋণ হস্তান্তরের উদ্যোগ নেয়। একই সাথে অকার্যকর ব্যাংকগুলোকে পুনর্গঠন, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং সক্ষম ব্যাংকে মূলধন জোগানের ব্যবস্থা করা হয়। ফলে ব্যাংকগুলো পুরনো অনাদায়ী ঋণের বোঝা কমিয়ে নতুন বিনিয়োগ ও ঋণ বিতরণে মনোযোগ দিতে পারে।
বণিক বার্তা
‘হিমাগারে পড়ে আছে ১০ লাখ টন আলু, আবাদের লক্ষ্যমাত্রা কমিয়েছে ডিএই’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাজারে বাড়ছে নতুন আলুর সরবরাহ। পুরনো আলুর তুলনায় ক্রেতারা নতুন আলু কিনতেই বেশি আগ্রহী। কিন্তু হিমাগারে এখনো সংরক্ষিত রয়েছে প্রায় ১০ লাখ টন আলু। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) বলছে, নভেম্বর পর্যন্ত তাদের কাছে আলু রাখার কথা। যদিও এখনো প্রায় ৩০ শতাংশই স্টোরেজে রয়ে গেছে। এমন পরিস্থিতিতে কৃষকের লোকসানের পাশাপাশি এ শিল্পও লোকসানের ঝুঁকিতে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আলু অনেক দেশে প্রধান খাদ্য হলেও বাংলাদেশে মূলত সবজি হিসেবেই ব্যবহৃত হয়। দেশে বর্তমানে যে পরিমাণ আলু উৎপাদন হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থেকে যাচ্ছে। অতিরিক্ত উৎপাদনে ভোক্তারা স্বস্তি পেলেও লোকসানে পড়ছেন কৃষক। ধারাবাহিক লোকসানে অনেক কৃষক আলু চাষে আগ্রহ হারাচ্ছেন। এমন অবস্থায় গত বছর যে পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে এবার তার চেয়ে ৬ হাজার হেক্টর কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে দেশে আলুর আবাদ হয়েছে ৪ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে। চলতি মৌসুমে ৪ লাখ ৫৯ হাজার হেক্টরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সে হিসেবে এবার আবাদের জমি ৬ হাজার হেক্টর কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে আলুর আবাদ হয়েছিল ৪ লাখ ৯৪ হাজার ৯১২ হেক্টর জমিতে। অর্থাৎ মাত্র দুই মৌসুমের ব্যবধানে আলুর আবাদ কমছে প্রায় ৩৫ হাজার ৯০০ হেক্টর।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সবজির বাইরে দেশে আলুর বহুমাত্রিক ব্যবহার নেই। রফতানিও সামান্য। প্রতি বছর লাখ লাখ টন আলু অবিক্রীত থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘আলুচাষীরা বছরের পর বছর লোকসান গুনছেন। উদ্বৃত্ত আলু নিয়ে একধরনের হাহাকার তৈরি হয়। আলু রফতানি হয় মোট উৎপাদনের ১ শতাংশেরও কম। কৃষক যখন ধারাবাহিক লোকসানে থাকেন তখন সেই ফসল চাষে আগ্রহ হারিয়ে ফেলেন।’
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিরোধী দলসহ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। এসব আলোচনার ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী একটি যৌথ কর্মসূচি প্রণয়নের বিষয়টিও ভাবা হচ্ছে। এর অংশ হিসেবে সব দলের অংশগ্রহণে বড় জনসভার আয়োজন করা হতে পারে বলে জানা গেছে।
সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির একাধিক সূত্র বলছে, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রয়েছে, এমন দায়িত্বশীল একাধিক নেতা বলেন, ফ্যাসিবাদের তৎপরতা মোকাবিলায় করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠক হবে। সেখানে এ বিষয়ে একটি চার্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। দলগুলো নিজস্ব রাজনৈতিক কর্মসূচির বাইরে ফ্যাসিবাদ মোকাবিলায় কী কী কার্যক্রম চালাবে, তা এতে উল্লেখ থাকতে পারে। সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে বড় জনসভাও হতে পারে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। আলোচনার মধ্য দিয়ে এসব বিষয় চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে চলতি বছর সরকার গঠন করে বিএনপি। এর মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
সূত্র বলছে, বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের সব শক্তিকে পাশে চায় সরকার। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারে বিএনপির শরিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। সামনে সর্বদলীয় বৈঠকের পরিকল্পনা থাকলেও তার আগে কোনো কোনো দলের সঙ্গে আলাদাভাবে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়।
দেশ রূপান্তর
‘সীমান্ত-বিমানবন্দরে আলাদা নজর’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটিয়েছে। দেশের সীমান্ত এলাকায় আত্মগোপনে থাকা দলটির শীর্ষ নেতাদের পরিদর্শনের ঘটনা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। তাদের এমন কর্মকা-ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। এজন্য দেশের সবকটি বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকায় পাতা হয়েছে জাল। আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দাদের নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। তারা দেশের সীমান্ত পয়েন্ট ও বিমানবন্দরগুলো চষে বেড়াচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। এমনকি ‘বিশেষ ড্রোনের’ সহায়তায় দলটির নেতাকর্মীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদিকে, সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। টাকার বিনিময়ে দালাল চক্র যেন কাউকে সীমান্ত পার করে না দেয়, সেজন্য দালালদের তালিকা তৈরি করে তাদের ওপরও নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধভাবে দেশত্যাগ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থলবন্দর, সীমান্তবর্তী এলাকা ও বিমানবন্দরগুলোয় নজরদারি জোরদার করা হয়েছে। ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি, সার্চলাইট, নাইট ভিশন যন্ত্র ও ড্রোন ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে পলাতক ও মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ডিসেম্বর মাস সামনে রেখে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর। সক্রিয় রাজনৈতিক নেতাকর্মীদের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক যাত্রীদের আগাম তথ্য যাচাইয়ের পরিকল্পনা নিয়েছে গোয়েন্দারা।
বিমানবন্দরে বিশেষ সতর্কতা: সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বা বিমানবন্দর ব্যবহার করে দেশত্যাগ বা প্রবেশ করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরসহ সবকটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বিশেষ তালিকা সরবরাহ করা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি ভুয়া পাসপোর্ট বা ছদ্মবেশে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোয় বিজিবি এবং স্থানীয় পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকা অরক্ষিত বা চোরাকারবারিদের রুট হিসেবে পরিচিত, সেখানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে এবং অপরিচিত কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে প্রশাসনকে জানাতে বলা হয়েছে। শাহজালালে বিমানবন্দরে কর্মরত পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করতে। আমরা সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর আছে।
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’। প্রতিবেদনে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে সব পক্ষকেই ‘কিছুটা ছাড়’ দেওয়া উচিত। অবশ্য সরকারের দায়িত্ব বেশি। জাতীয় ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সরকারকে বেশি উদার হতে হবে। যতটুকু সম্ভব ছাড় দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোরও উচিত গণতন্ত্র রক্ষায় নাশকতা, নৈরাজ্য রুখতে সরকারকে সর্বোচ্চ ছাড় দিয়ে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে এগিয়ে আসা। এমনটি বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার না করলেও দলের নীতি ও আদর্শ, নির্বাচনি প্রতিশ্রুতি, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ ‘ছাড়’ দেবে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। তাঁরা বলছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। জাতীয় বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য বজায় রাখতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর যৌক্তিক দাবি পূরণে ইতিবাচক বিএনপি। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আইনসংশ্লিষ্ট দাবি পূরণের ব্যাপারে সংসদের আশ্রয় নেবে ক্ষমতাসীন দল। তা ছাড়া স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ দলটি। তবে সনদের যেসব দফায় নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেসব দফা বাস্তবায়নে তারা সম্মত নয়। অন্যদিকে জামায়াত ও এনসিপিও জাতীয় স্বার্থে সরকারকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে। বিশেষ করে সরকার গণভোটের রায় ও সংস্কারের প্রতিশ্রুতি মেনে নিলে তারা সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ রুখবে বলে আভাস দিয়েছেন দলগুলোর নেতারা।
এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাতি আজকে সার্বভৌমত্বে যে হুমকি মোকাবিলা করছে, তার জন্য তো অবশ্যই আমাদের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। দেশকে বাঁচানোর জন্য আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ যাতে দেশে আর না আসে তার জন্য এবং তাদের কাছ থেকে দেশকে রক্ষার জন্য অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে সরকার যে সংলাপের উদ্যোগ নিয়েছে এটা সঠিক ও সময়োপযোগী। এজন্য সরকারকে অভিনন্দন জানাই। আর জাতীয় এই বৃহত্তর ঐক্য বজায় রাখার ক্ষেত্রে যে ছাড় দেওয়া উচিত, সে সম্পর্কে বলব, জামায়াত এক কথা বলছে, এনসিপি আরেক কথা; সরকারি দলেরও একটা লক্ষ্য আছে। আমরা আশা করব, দেশের স্বার্থে তারা সংলাপে বসে আলাপ-আলোচনা করেই মীমাংসা করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় বৃহত্তর স্বার্থে যেভাবেই হোক এ ঐক্যটা ধরে রাখতে হবে।’
