ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
‘ডেডলি প্রোটেসট ইরাপট ইন বাংলাদেশে ওভার এক্সাইলড ফর্মার লিডার, হোয়াট টু নো’ শিরোনামে প্রকাশিত পত্রিকাটির এক বিশ্লেষণে বলা হয়, গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা চলছে। শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের লক্ষ্যবস্তু করছে। এসব ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের ডাকও দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমিত পরিসরে সহিংস তৎপরতা চালিয়েছে। তারা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে আগুন দিয়েছে। বিএনপির দুই নেতার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। বাসে আগুন দেয়ার ঘটনায় দুই পরিবহনকর্মী এবং ক্ষমতাসীন দলের দুই সদস্য নিহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সহিংসতার সবচেয়ে তীব্রতা দেখা গেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় অস্ত্র হাতে মিছিল, পুলিশের গাড়িতে আগুন এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনা ঘটে। শুক্রবার সকালে মহাসড়কটি খুলে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত বছরের শেষ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তিনি ওই রায় প্রত্যাখ্যান করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে নতুন করে আলোচনায় আসেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার তাঁকে এসব নথি দিতে অনিচ্ছুক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের প্রসঙ্গে নিউইয়র্ক টাইমস বলেছে, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের নতুন সরকারের অসন্তোষ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে ভারতকে তাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। তবে ভারত তাকে প্রত্যর্পণ করবে, এমন সম্ভাবনা কম।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয়াদিল্লি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। তবে এখনো ওই আমন্ত্রণের জবাব দেয়নি ঢাকা।
এদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার বিষয়ে ভারতের প্রতি অসন্তোষের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, কিছু লোক ‘সীমান্তের ওপার থেকে’ নির্দেশনা পাচ্ছে। নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতা দুই দেশের সম্পর্কের বিদ্যমান চাপ আরও বাড়িয়ে তুলেছে।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ
হাসিনার সমর্থকদের সহিংসতায় চাপে বাংলাদেশ-ভারত সম্পর্ক
অনলাইন ডেস্ক
অনলাইন
৪৫ মিনিট আগে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬, ১২ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
