ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ শেষে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে প্রেস উইং। এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এ সময় রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।
দুই দেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ নেয়ার অনুরোধ করেন প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চ মানসম্পন্ন।
তিনি এ বছরের মার্চ মাস থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য আরও বাড়াতে তার দেশের ইতিবাচক উদ্যোগ গ্রহণের কথা জানান।
প্রেসিডেন্ট ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণসহ সুবিধাজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা ব্যবস্থা সহজ করার জন্য রাষ্ট্রদূতকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।
প্রেসিডেন্ট মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন। গত ১৯শে নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। তিনি রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কমিপ্রহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় প্রেসিডেন্ট ভিয়েতনামের সমর্থন চান।
সাক্ষাতে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওদিকে গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে প্রেস উইং।
সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলা জট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন। জবাবে প্রেসিডেন্ট বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট অনুষ্ঠানে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
