সময়টা ছিল সিদ্ধান্ত নেয়ার। কীভাবে এই সংকট সামাল দেয়া যায়, কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়- আর সবচেয়ে বড় কথা, কীভাবে আর একটি প্রাণও না হারিয়ে এই সংকটের অবসান ঘটানো যায়। সেটিই ছিল আমাদের প্রধান লক্ষ্য।
ঘটনাটি ২০০৬ সালের ২৩ জানুয়ারি, সোমবার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিদ্যুতের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর পুলিশের গুলিতে কয়েকজন প্রাণ হারান। পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বেশ কিছুদিন ধরেই নানা অনিয়ম, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, মিটার ভাড়া ও ন্যূনতম চার্জসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলনটি একপর্যায়ে অবরোধে রূপ নেয়। ওইদিন পুলিশের গুলিতে ৫-৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নিহতের সংখ্যা ১৭ এবং আহতের সংখ্যা প্রায় ৬০০ বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।
ঘটনার দিন বিকালেই আমি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করি। তিনি প্রথমেই জানতে চাইলেন, এলাকার সংসদ সদস্য কে? বললাম, হুইপ শাহজাহান মিয়া। তিনি কোথায় আছেন? আমি আগেই খোঁজ নিয়েছিলাম। তিনি ঢাকায় আছেন, কিন্তু এলাকায় যেতে সাহস করছেন না।
প্রধানমন্ত্রী বললেন, ‘ওকে যেতে হবে না, আর রাজনীতি করারও দরকার নাই।’
এরপর আমার দিকে তাকিয়ে বললেন, ‘বিষয়টা তুমি দেখো।’
কথাটি সহজ, কিন্তু দায়িত্বটি সহজ ছিল না। এত বড় একটি সংকট সামাল দেয়া চাট্টিখানি কথা নয়। অফিসে ফিরে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরিস্থিতির বিস্তারিত জানলাম। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম, ঘটনার পেছনে শুধু বিদ্যুৎ নিয়ে অসন্তোষ নয়, প্রশাসনিক সিদ্ধান্ত, মানুষের ক্ষোভ এবং দীর্ঘদিনের জমে থাকা হতাশাও কাজ করেছে।
জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ঘটনার দিন একজন তরুণ প্রবেশনার ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি পরিস্থিতি সামাল দিতে পারেননি। একপর্যায়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশকে গুলি করার নির্দেশ দেন। আমার মনে হলো, পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে বিবেচনা না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যার পরিণতি এতগুলো মানুষের প্রাণহানি।
ডিআইজি, এসপি, এমনকি ওসি পর্যায়েও কথা বললাম। কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কীভাবে মানুষের ক্ষোভ প্রশমিত করা যায়, সে পথ খুঁজতে থাকলাম। বিভিন্ন সূত্রে জানতে পারলাম, এলাকাটি অত্যন্ত উত্তেজনাপ্রবণ। মানুষ ক্ষুব্ধ হলে হাতে রামদা নিয়ে বেরিয়ে আসে। তাই যেকোনো পদক্ষেপ নিতে হবে খুব সতর্কতার সঙ্গে।
এমন সময় আমার মনে পড়লো রাজশাহীর সাবেক মেয়র ও তৎকালীন সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভাইয়ের কথা। তাকে রাজশাহীতে ফোন করলাম। সরাসরি সব না বলে কিছুটা ইঙ্গিত দিয়ে বললাম, ‘আপনি আজ রাতেই ঢাকায় চলে আসেন। কালকে প্রধানমন্ত্রীর অফিসে আসবেন।’
পরদিন তিনি অফিসে এলেন। তাকে পুরো বিষয়টি খুলে বললাম। জানালাম, এই সংকট সমাধানে তার নেতৃত্ব প্রয়োজন। প্রথমে তিনি একটু ইতস্তত করলেন। বললেন, “আমি তো চাঁপাইয়ের লোক নই।”
আমি বললাম, ‘আপনি উত্তরবঙ্গের নেতা। এই সংকট আপনার নেতৃত্বেই সমাধান হবে, ইনশাআল্লাহ্।’
তিনি আবারও আশঙ্কা প্রকাশ করলেন, ‘ভাই, ব্যাপারটা খুব বিপজ্জনক। ওখানকার মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস। কথায় কথায় রামদা দিয়ে কেটে ফেলে।’
আমি বললাম, ‘যত কঠিনই হোক, সমস্যাটা তো মেটাতে হবে।’
মিনু ভাইকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলাম। তাকে জানালাম, মিনু ভাইয়ের নেতৃত্বে আমরা এই সংকট সমাধানের উদ্যোগ নিতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিলেন। বললেন, ‘যাও, তোমরা করো।’
আমার রুমে ফিরে আমরা বিস্তারিত পরিকল্পনা সাজাতে বসলাম। এলাকার ম্যাপ সামনে নিয়ে আলোচনা করলাম। জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, এমনকি বিডিআর’র সঙ্গেও কথা বললাম। পরিস্থিতির প্রতিটি দিক বিবেচনায় নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করলাম।
এরপর মিনু ভাইকে বললাম, ‘আপনি আজই রাজশাহী ফিরে যাবেন। কাল সকালে অপারেশনে নামবেন।’
তাকে পরিকল্পনাটি বুঝিয়ে বললাম। ‘আপনি সাদা পাঞ্জাবি পরে যাবেন। সঙ্গে কোনো গানম্যান বা পুলিশ থাকবে না। একেবারে খালি হাতে যাবেন। চাইলে একটি হ্যান্ডমাইক নিতে পারেন। কথা বলতে বলতে এলাকায় ঢুকবেন। বলবেন, ‘আমি তোমাদের এলাকার মিনু এসেছি কথা বলতে। দেখো, আমার সঙ্গে কোনো অস্ত্র নেই, পুলিশ নেই, কিছু নেই।’
তিনি আবারও উদ্বেগ প্রকাশ করলেন, ‘এটা খুব বিপজ্জনক হবে। ওরা যদি হামলা করে?’
আমি বললাম, ‘সেটা হতে পারবে না। আমি ব্যবস্থা নিয়ে রেখেছি। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না।’ মিনু ভাই রাজশাহী ফিরে গেলেন।
এদিকে চ্যানেল আই-এর সঙ্গে যোগাযোগ করলাম। জানালাম, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা সরাসরি সমপ্রচার করতে হবে। তারা রাজি হলেন। পুলিশ ও এনএসআইয়ের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়গুলো চূড়ান্ত করলাম। আইজিপিকে অনুরোধ করলাম, সিভিল ড্রেসে কয়েকশ’ পুলিশ মোতায়েন করতে, যারা ছোট অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করবেন। কেউ ধানক্ষেতে, কেউ রাস্তার মোড়ে, কেউ বাজারের আশপাশে, এমনকি গাছের ওপরও অবস্থান নেবেন। নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিন্তু তা যেন মানুষের সামনে ভয় বা আতঙ্কের কারণ না হয়।
মিনু ভাইকে বললাম, ‘আপনি কথা বলতে বলতে বাজারের ভেতরে ঢুকে যাবেন। ওদের দাবিদাওয়া শুনবেন। সব মেনে নিয়ে চুক্তিপত্র সই করবেন। তারপর ওখান থেকে মিষ্টি খেয়ে আসবেন। এর কমে নয়।’
তিনি জানতে চাইলেন, ‘যদি অসম্ভব দাবি হয়?’
আমি বললাম, ‘তাও আপনি সই করে আসবেন। সব দায়িত্ব আমি নিলাম। আমাদের একটাই লক্ষ্য-আর যেন একটি লাশও না পড়ে।’
ইতিমধ্যে বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগ, বামপন্থি দলগুলো এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের তৎপরতাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছিল। আমরা রাজনৈতিক পরিস্থিতির সেই দিকটিও বিবেচনায় রেখেছিলাম।
সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গেও কথা বললাম। জেলা প্রশাসককে প্রত্যাহারের ফাইল প্রস্তুত রাখতে বললাম, যেন প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে সরকারি আদেশ জারি করা যায়। পুলিশ সুপারের ক্ষেত্রেও একই ব্যবস্থা রাখা হলো। জেলা প্রশাসককে জানিয়েছিলাম, আপনাকে সহ যারা কনসার্ন সবাইকে উইথড্র করা হবে, তৈরি থাকবেন।
আলোচনার একপর্যায়ে সংস্থাপন সচিব জানতে চাইলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে কোথায় বদলি করা হবে। আমি বললাম, ‘কোথাও জায়গা না পেলে আমার জেলায় পাঠিয়ে দিন।’ পরে ঠিক সেভাবেই জেলা প্রশাসক নুরুল ইসলামকে শরীয়তপুরে বদলি করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, পরদিন আমরা ঢাকায় বসে সরাসরি টেলিভিশনে পুরো ঘটনা দেখছিলাম। আমার ফোনে জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা ঘটনাস্থলের পরিস্থিতি জানাচ্ছিলেন, আর আমি সেখান থেকেই প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয় করছিলাম।
মিনু ভাই ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার সামনে কেউ আগ্রাসী হয়ে উঠলো না। এলাকাবাসীর দু’-একজনের সঙ্গে আগেই যোগাযোগ রাখা হয়েছিল। তারাও দূর থেকে পরিস্থিতি সহজ করার চেষ্টা করছিলেন। চারপাশে আমাদের লোকজন সিভিল ড্রেসে অবস্থান করছিলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না কে কোথায় আছে।
মিনু ভাই একপর্যায়ে বাজারের ভেতরে ঢুকে গেলেন। সম্ভবত একটি চায়ের দোকানে বসে সংগ্রাম পরিষদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি নিহতদের জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলেন। নমনীয় অবস্থান নিয়ে আন্দোলনকারীদের দাবিদাওয়া মেনে নেয়া এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলেন।
সংগ্রাম পরিষদের সঙ্গে আলোচনায় সমঝোতা হলো। আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, বিদ্যুতের মিটার ভাড়া ও অতিরিক্ত চার্জের মতো দাবিগুলো মেনে নেওয়া হবে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেট এবং গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হবে।
মিনু ভাই সমঝোতার ঘোষণা দিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। এরপর একের পর এক সরকারি আদেশ জারি হতে থাকল। মস্তবড় একটি সংকট সামাল দিয়ে মিনু ভাই বিজয়ীর বেশেই ফিরে এলেন। আমরা প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি অবহিত করলাম।
সমঝোতার প্রধান বিষয়গুলো ছিল-
ক্ষতিপূরণ: পুলিশের গুলিতে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়। গুরুতর আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্যও বিভিন্ন অঙ্কের অর্থ নির্ধারণ করা হয়। এ জন্য পরবর্তী সময়ে সরকার মোট ৮৩ লাখ টাকা বরাদ্দ করে।
মামলা প্রত্যাহার: আন্দোলনের সময় স্থানীয় গ্রামবাসী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হয়।
বিদ্যুৎ বিল ও জরিমানা: অতিরিক্ত বিল, মিটার ভাড়া এবং বকেয়া বিলের ওপর আরোপিত জরিমানা মওকুফের দাবিগুলো মেনে নেয়া হয়।
বিদ্যুৎ সরবরাহ: এলাকায় লোডশেডিং কমিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেয়া হয়।
স্মৃতিস্তম্ভ নির্মাণ: আন্দোলনে নিহতদের স্মরণে কানসাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়।
আলহামদুলিল্লাহ্, শেষ পর্যন্ত আর কোনো রক্তপাত ছাড়াই আমরা সংকটের অবসান ঘটাতে পেরেছিলাম। পরে বিএনপি মহাসচিব এলাকায় গিয়ে সংগ্রাম পরিষদের সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করেন। চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু হয় এবং প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়। দীর্ঘ প্রায় চার মাসের আন্দোলনের অবসান ঘটে।
কানসাটের ঘটনা আমাকে ১৯৯৫ সালের দিনাজপুরের কথা মনে করিয়ে দিয়েছিল। সেখানে এমন পরিস্থিতিতে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ হয়েছিল, সরকারও পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই কানসাটের সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছিলাম।
সংকটের মুহূর্তে প্রশাসনের হাতে ক্ষমতা থাকে, অস্ত্র থাকে, নির্দেশ দেয়ার সুযোগ থাকে। কিন্তু সব সমস্যার সমাধান শক্তি প্রয়োগে হয় না। কখনো মানুষের কাছে যেতে হয়, তাদের কথা শুনতে হয়, তাদের ক্ষোভের কারণ বুঝতে হয়। প্রয়োজনে ঝুঁকি নিতে হয়, নিজের সিদ্ধান্তের দায়ও নিতে হয়।
কানসাট সংকটের সেই দিনগুলোতে আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য ছিল কোনো রাজনৈতিক বিজয়, প্রশাসনিক কৃতিত্ব কিংবা ক্ষমতার প্রদর্শন নয়। সবচেয়ে বড় সাফল্য ছিল-আর কোনো মানুষকে প্রাণ দিতে হয়নি। মানুষের জীবন বাঁচানোই ছিল সেদিনের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।
লেখক: সরকারের সাবেক সিনিয়র সচিব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব এবং ‘৩৬ জুলাই’-এর উদ্ভাবক।
