এমন ঘটনা সিলেটে বিরল। এক কাতারে এসে দাঁড়ালেন বিএনপি’র সবাই। নেতৃত্ব দিলেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। সঙ্গে এমপিরাও। কেন্দ্রীয় নেতারা ছিলেন সম্মুখ সারিতে। কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে সিলেট নগরে গতকাল মঙ্গলবার নজিরবিহীন শোডাউন দিলেন বিএনপি নেতারা। ঘোষণা দিলেন; সিলেটের মাটিতে কখনোই সন্ত্রাসীদের জায়গা দেয়া হবে না। দেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে নেতারা বললেন- ‘তোদের আপার রাজনীতি শেষ। অনেক আগেই বিদায় হয়েছে। এখন আওয়ামী লীগের রাজনীতিকেও কবর দেয়া হবে।’ সিলেট নগর গতকাল ছিল বিএনপিময়। তৃণমূল থেকে নেতাকর্মীরা মিশেছিলেন এক কাতারে। সন্ত্রাস, আগুন, বোমাবাজির প্রতিবাদে এক হয়ে প্রতিবাদ জানালেন। সিলেটের এ গণমিছিলের প্রস্তুতি চলছিল কয়েকদিন আগে থেকেই। গত শুক্রবার সিলেটে একই ভাবে সন্ত্রাসবিরোধী মিছিল করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে গতকালের মিছিলটি আরও বড় শোডাউন। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের এমপি এমএম মালিক ও সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নিতে সোমবার রাতেই সিলেটে ফিরেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাতে নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা প্রস্তুতিমূলক সভা করেন। সাংবাদিকদের সঙ্গেও করেন মতবিনিময়। দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে আসেন বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১। সবার গন্তব্য ছিল নগরের রেজিস্ট্রারি মাঠ। তবে প্রস্তুতি ছিল আলাদা আলাদা। নিজ নিজ আসন ও বলয়ের নেতাকর্মীদের মন্ত্রী, এমপিরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। জেলা ও নগর বিএনপি’র নেতাদের নিয়ে বিকাল ৩টা থেকে সমাবেশস্থলে উপস্থিত থাকেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একেক করে তিনি সব মিছিলকে স্বাগত জানান। তবে সবচেয়ে বড় মিছিলটি আসে নগরের আলীয়া মাদ্রাসা ময়দান থেকে। এ মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও এমপি এম মালিক। সিলেট-৪ আসন নগরের নেতাকর্মীদের প্রথমে তারা আলীয়া মাদ্রাসা মাঠে জমায়েত করেন। সেখানে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। এ সময় মিছিলে স্লোগানে মুখরিত হয় নগরের ঐতিহাসিক এ মাঠ। প্রারম্ভিক বক্তব্য দিয়ে মন্ত্রী আরিফ মিছিল বের করেন। এর আগে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও এমপি এমএ মালিক তার নেতাকর্মীদের নিয়ে সেখানে হাজির হন। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হন রেজিস্ট্রারি মাঠে। চমক দেখিয়েছেন সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী। তার নেতৃত্বে নিজ আসনে নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে সিলেটের গণমিছিলে এসে শরিক হন।
সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে একটি বড় মিছিল এসে সমাবেশস্থলে মিলিত হয়। এ মিছিলেন স্লোগান ছিল- ইলিয়াস, লুনা। জেলা বিএনপি’র সভাপতি ও সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর অনুসারীরাও দক্ষিণ সুরমা এলাকা থেকে একটি মিছিল নিয়ে আসেন। তালতলা গুলশান সেন্টার থেকে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বড় একটি মিছিল এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। নগরের কোর্ট পয়েন্ট থেকে জেলা যুবদল সভাপতি মকসুদ আহমদের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর মিছিল যায় রেজিস্ট্রারি মাঠে। এ ছাড়া, তাঁতী দল, মহিলা দল, কৃষক দল সহ প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মূল স্রোত ছিল রেজিস্ট্রারি মাঠমুখী। মিছিলে মিছিলে প্রকম্পিত সিলেট নগর গতকাল বিকালের পর থমকে দাঁড়িয়েছিল কয়েক ঘণ্টার জন্য। বিকাল সাড়ে ৩টার পর সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন-দেশ যখন উন্নয়নের দিকে যাত্রা শুরু করছে তখন পলাতক গোষ্ঠী চোখ রাঙাতে চাচ্ছে। তাদের আপা’র রাজনীতি অনেক আগেই শেষ হয়েছে। দীর্ঘ ১৭ বছর তিনি মিথ্যার বেসাতি গড়েছিলেন। জনবিক্ষোভে পালিয়ে যাওয়ার পর এখন যখন আসতে চাচ্ছেন তখন আর দেরি কেন? আজ-কালই চলে আসেন। দেশের আইন বাকি প্রক্রিয়া সমাপ্ত করতে অপেক্ষা করছে। শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কারা দেশে আগুনসন্ত্রাস করছে দেশের মানুষ দেখুক। আগুনসন্ত্রাস করে আওয়ামী লীগ, বিএনপি না। তিনি পরাজিত শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এই প্রথম সিলেটের দলীয় অনুষ্ঠানে এসে যোগ দিলেন। এর আগে মিছিলেও নেতৃত্ব দিলেন।
এ সময় তিনি বলেন-তাদের আপা আসবে আসবে করছেন। আসেন না কেন। এখন কেবল একটি মামলার রায় হয়েছে। আরও অনেক মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। অতীতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সবকিছুর বিচার করা হবে। এদিকে- রেজিস্ট্রারি মাঠের সমাবেশ শেষ করে বিকাল সাড়ে ৪টার দিকে মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে নগরে সন্ত্রাসবিরোধী বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগর প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
