দেশে সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পেছনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে সরকার। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের বার্তা দেয়া হয়েছে। একইসঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কর্মীদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য তুলে ধরেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরে তিনি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থি। মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়। সরকার এসব প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথেও আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ধারাবাহিকতার প্রেক্ষাপটেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের পাশাপাশি বিদেশেও সক্রিয়। কয়েকটি দেশে তারা সম্প্রীতি বিনষ্ট করছে এবং সন্ত্রাস ও অর্থপাচারের সঙ্গে জড়িত। তাদের দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে কূটনীতিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে এসব ঘটনা বিচ্ছিন্ন রাজনৈতিক প্রতিবাদ নয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে চাইছে। পুলিশ স্থাপনায় হামলা এবং অস্ত্র লুটের চেষ্টার মাধ্যমে তারা রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনকে চ্যালেঞ্জ জানাতে চাইছে।
সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে দেবে না উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে, তদন্ত চলছে এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
ব্রিফিংয়ে নভেম্বর মাসের সহিংসতার একটি পরিসংখ্যানও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ১ থেকে ২১শে নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় ১৫৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনা কেবল রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশ স্থাপনায় হামলা এবং মহাসড়ক অবরোধের ঘটনাও রয়েছে।
ব্রিফিংয়ে কয়েকটি নির্দিষ্ট ঘটনার বিবরণ দেন তিনি। জানান, ১৭ই নভেম্বর গোপালগঞ্জে একটি থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও থানা ভবনে আগুন দেয়া হয়। অস্ত্র ও গোলাবারুদ লুট এবং হেফাজতে থাকা আসামিদের ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য গুরুতর আহত হন। ১৯শে নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনে ভাঙচুর করা হয়।
এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপি’র কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের কথা জানান প্রতিমন্ত্রী। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের কারণে যান চলাচল ও টোল আদায় ব্যাহত হয়। ফরিদপুরে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেয়ায় চালক নিহত হন। একটি মিছিলে হামলায় বিএনপি’র স্থানীয় দুই নেতার প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, ৭ থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ৮৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা কিংবা হামলার চেষ্টা হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলা এবং শ্রমিকদের দুর্ভোগে ফেলতেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। তা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল, অবরোধ, বিক্ষোভ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পদ ধ্বংস কিংবা অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বেআইনি কর্মকাণ্ডের দায়মুক্তির সুযোগ নেই। একইসঙ্গে প্রতিশোধমূলক সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনাও সরকার বরদাশত করবে না।
বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্সসহ ৬০টির বেশি দেশের কূটনীতিকরা অংশ নেন। বেশির ভাগ মিশনের প্রধানরা উপস্থিত হলেও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন না। ত্রিবেদীর পরিবর্তে ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে উপস্থিত ছিলেন।
