‘গুলি খেয়েছেন, ভয় নেই, ‘টাকা লাগলে নক দিয়েন’

‘গুলি খেয়েছেন, ভয় নেই, ‘টাকা লাগলে নক দিয়েন’

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে ৬ জনকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন দাবি করে একটি পোস্ট দেন তিনি। একই সঙ্গে গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে কেউ অসহায় হলে আর্থিক সহায়তা দেয়ারও আশ্বাস দেন। তার এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, সোমবার রাতে সুয়াবিল থেকে গাড়িতে করে যাওয়ার সময় তাকে আওয়ামীপন্থি মনে করে বিএনপি’র কয়েকজন নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে তাদের সঙ্গে আগে থেকে কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি। পোস্টে রায়হান লেখেন, ‘আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’
গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘যারা যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায়, টাকা-পয়সা সাহায্য লাগে, আমাকে ইনবক্স করিয়েন।’ এ ছাড়া ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা খোঁজখবর নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে ফেসবুক পোস্টে দেয়া রায়হানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সোমবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী, ব্যবসায়ী ও গাড়িচালকসহ ৬ জন আহত হন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাবেদ দাবি করেন, কয়েকজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করেছিলেন। পরে তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পুলিশের তৎপরতা টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। চুঁরখারহাট বাজারের কাছে মোটরসাইকেলে থাকা রায়হানকে স্থানীয় লোকজন চিনতে পেরে আটকানোর চেষ্টা করেন। এ সময় পেছনে থাকা অটোরিকশা থেকে গুলি ছোড়া হয়। ঘটনার পর রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে পুলিশ। তাদের ধরতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে নিজেই মাঠে নেমেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। সুয়াবিল ইউনিয়নের হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়ার পাশাপাশি মসজিদের মাইকেও এলাকাবাসীর সহায়তা চান তিনি।

মাইকিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী রায়হানকে আটক করা সম্ভব হলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে। এ সময় তাকে শনাক্ত করার সুবিধার্থে রায়হানের শারীরিক গঠন ও চেহারার বিবরণও তুলে ধরেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই চুঁরখারহাট বাজারসহ সুয়াবিল এলাকায় পুলিশ অবস্থান নেয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। আটক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রায়হান আলম ওরফে সন্ত্রাসী রায়হান চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পলাতক অপরাধীদের একজন। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মামলাসহ তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক অপরাধচক্রের নেতৃত্ব দিয়ে আসছেন রায়হান। বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদ এবং বর্তমানে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তাদের অপরাধচক্রের হয়ে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।