শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়

শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়

ফন্ট সাইজ:

দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘হাস্যকর ঘটনা’ এবং ‘উন্মাদনা’ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একইসঙ্গে পলাতক আসামিদের বিভিন্ন তৎপরতার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী দল’ হিসেবে নিজেদের প্রমাণ করছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিবৃতির বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আসলে এই বক্তব্যের প্রেক্ষিতে কী বলা যায় বুঝতে পারছি না, তবে শেখ হাসিনা ফেরারি এবং দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে পলাতক অবস্থায় আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি ফেরারি জীবন যাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটা হাস্যকর ঘটনা। তিনি আরও বলেন, আমি মনে করি এই যে, এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি, যে মুখপাত্র যিনি এই দাবি করেছেন, এটা তার একটা উন্মাদনা ছাড়া আর কিছুই আমি মনে করি না। কারণ হচ্ছে একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব, এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

দিল্লি, আগরতলা ও পেট্রাপোল সীমান্তসহ বিভিন্ন স্থানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের অবাধ বিচরণ এবং প্রেস কনফারেন্স করার বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, এইটা তো বাংলাদেশ সরকারের, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তারা কিছু করছে না। এখন অন্য দেশে যদি কোনো আসামির কোনো তৎপরতা থাকে, সেটিতে কূটনৈতিক চ্যানেলে বলা ছাড়া তার তৎপরতা বন্ধের জন্য তো সরাসরি বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ নেয়ার আইনগত সুযোগ নাই।

তবে আসামিদের এই তৎপরতা আওয়ামী লীগের প্রকৃত চরিত্র উন্মোচন করছে উল্লেখ করে তিনি বলেন, এই যে পলাতক আসামিদের সকল তৎপরতা বিভিন্ন দেশে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, এইটা আমার মনে হয় কী বাংলাদেশ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের এই সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ দিচ্ছে। এবং আমরা এই আসামিগুলোকে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। এটাও আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই যে, তাদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, আমাদের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমপ্লেইন্ট আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন। আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি এটার অভিযোগকারী এবং ইনভেস্টিগেশন চলমান আছে এবং আপনাদের ইনভেস্টিগেশন শেষ হলে সময়মতো আমরা অবহিত করতে পারবো।