হাম উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি

হাম উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি

ফন্ট সাইজ:

দেশে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৮৩ শিশু সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫২৬ জন। চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ শিশুর শরীরে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে।

নতুন করে নিশ্চিত হওয়া ৬৮ জন হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্তের তথ্য পাওয়া গেছে এই দুই বিভাগ থেকেই। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২০৮ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ১৩৯ শিশু। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের শরীরে। এই সময়ে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে। হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ শিশু।