১৮’র আগেই বিয়ে হয় ৪৭.২ শতাংশ তরুণীর

আইনের সংস্কার চায় ইউএনএফপিএ-ইউনিসেফ

ফন্ট সাইজ:

দেশে বাল্যবিবাহের হার কমলেও অগ্রগতি কম। বর্তমানে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীর হারও বেড়েছে। এমন পরিস্থিতিতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিভিন্ন ধারা সংস্কারের সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। বিশেষ করে আইনের ১৯ নম্বর ধারা বাতিল, নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহের শিকার শিশুদের বিয়ে বাতিলের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে এসব বিষয় তুলে ধরে ইউএনএফপিএ। আগামী ২৭শে নভেম্বর প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব চাইল্ড, আর্লি অ্যান্ড ফোর্সড ম্যারেজ’ সামনে রেখে এ সংলাপের আয়োজন করা হয়। এতে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও বার্তা সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক এবং প্রতিবেদকরা অংশ নেন। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে বাল্যবিবাহ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ সার্ভে অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের প্রথম বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ কয়েক বছরে বাল্যবিবাহের হার কমেছে ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট। তবে একই সময়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীর হার ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। এ পরিসংখ্যান বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান উদ্যোগের কার্যকারিতা ও আইনের বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সংলাপে বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, বাল্যবিবাহবিরোধী আইন থাকলেই কিশোরীদের সুরক্ষা নিশ্চিত হয় না। আইন সম্পর্কে তাদের জানতে হবে এবং বিচারব্যবস্থাকে সহজলভ্য ও জবাবদিহিমূলক করতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং বাল্যবিবাহের শিকার কিশোরীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে সঠিক ও দায়িত্বশীল প্রতিবেদন নীতিনির্ধারকদের আইন সংস্কারের গুরুত্ব বুঝতে সহায়তা করবে।

সংলাপে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইন পর্যালোচনা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বলা হয়, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাল্যবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করলেও বাল্যবিবাহের মাধ্যমে সম্পন্ন হওয়া বিয়েকে সরাসরি বাতিল বা অবৈধ ঘোষণা করে না। ফলে বাল্যবিবাহের শিকার কিশোরীরা আইনের আওতায় সরাসরি বিয়ে বাতিলের প্রতিকার পায় না। আইনটির ১৯ নম্বর ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ন্যূনতম বয়স উল্লেখ নেই। পাশাপাশি কিশোরীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও সীমিত। যৌথ পর্যালোচনায় এ ধারাকে আইনের অন্যতম দুর্বলতা হিসেবে চিহ্নিত করে তা বাতিলের সুপারিশ করা হয়েছে।

আইন সংস্কারে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশে ৬টি বিষয় গুরুত্ব পেয়েছে। আইনের ১৯ নম্বর ধারা বাতিল, নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ, শিশুর ইচ্ছার ভিত্তিতে বাল্যবিবাহ বাতিলযোগ্য করার বিধান এবং শিশুদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেয়া। পাশাপাশি বাল্যবিবাহের অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং এ-সংক্রান্ত মামলা পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য আদালতের এখতিয়ার স্পষ্ট করার সুপারিশ করা হয়েছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে লুকোচুরি করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া বাল্যবিবাহের তথ্য সঠিক ছিল না। জন্ম ও মৃত্যুহার নিয়েও ভুল তথ্য দেয়া হয়েছে। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হয়েছিল, যা নিয়েও প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের হার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না।

যমুনা টিভি’র হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ। তবে দেশে বাল্যবিবাহ যে হচ্ছে, সেটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা রাজশাহী ও খুলনা বিভাগে কাজে লাগানোর উদ্যোগ নেয়া প্রয়োজন। বাল্যবিবাহের জন্য নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও মতামত তুলে ধরেন ইউএনএফপিএ যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভি’র হেড অব নিউজ ইলিয়াস হোসেন প্রমুখ।