চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, খুন আটক ৪

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, খুন আটক ৪

ফন্ট সাইজ:

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মুঠোফোন ছিনতাই করে মনোয়ারুল ইসলাম মনোয়ার (২৭) নামের এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক কিশোরীসহ চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পলাশ।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার মো. নওশেরের ছেলে। চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়ে বাড়ি ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলো- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি আলী হৃদয় ও নারায়ণগঞ্জ সদর এলাকার পাহাড়িয়া গ্রামের সামসুদ্দিনের মেয়ে মোছা. লিজা খাতুন (১৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছিলেন মনোয়ারুল। রাত দেড়টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকার প্রতাপপুরে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন চারজনকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাদের আটক করে লালপুর থানা পুলিশ। পরে আকাশের কাছে থাকা একটি মুঠোফোনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সেটি ছিনতাই করা বলে স্বীকার করে সে। এ সময় মনোয়ারুলকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়ার কথাও স্বীকার করে সে। পরে ওই মুঠোফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই মোহাম্মদ তাহের আলী মনোয়ারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাবা মো. নওশের আব্দুল্লাহপুরে এসে মুঠোফোনটি ছেলের বলে শনাক্ত করেন। এরই মধ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি জানান, ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়। পরে আটক চারজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে আটক লিজা খাতুনের সংশ্লিষ্টতা নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান তিনি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে রেলকর্মীরা কাজ করতে গিয়ে ঘটনাস্থলে মনোয়ারুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্তদের ঈশ্বরদী রেলওয়ে পুলিশের মাধ্যমে ঢাকা রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সল বিন আহসান।