ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দিন শেষে সে (শেখ হাসিনা) আসবে না। এলে আমরা তাকে স্বাগত জানাবো এবং ফুল নিয়ে যাবো। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে। মঙ্গলবার (২৪শে নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপি’র মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়ে এসব কথা বলেন- তিনি। দলটির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত র্যালিটি মানিক মিয়া এভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হয়। এরপর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হয়।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, উনি সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। এই সংসদ সদস্য বলেন, উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে। আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদক কারবারিরা যেভাবে সীমান্ত দিয়ে আসা-যাওয়ার পথ খোঁজে, সেভাবে আসার চেষ্টা করা হচ্ছে কিনা, সেসব বিষয়েও নানা তৎপরতা দেখা যাচ্ছে। কিন্তু দিনশেষে এসবই স্টান্ডবাজি, মিডিয়া স্টান্ডবাজি। সবচেয়ে বড় কথা, তিনি আসবেন না। র্যালিতে এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
