অপরাধীদের ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘ফোর স্টার’। আর সেসব অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাতো গ্রুপের সদস্যরা। তাদের দিয়ে খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো। গতকাল রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। এর আগে গত সোমবার বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ মিরপুরের ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করে এসআরবি-৪। গ্রেপ্তারকৃতরা হলো- শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।
হাফিজুর রহমান বলেন, রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার বহুল আলোচিত ফোর স্টার গ্রুপের সদস্যদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গ্রুপটি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শোডাউনের ভিডিও প্রচার করে। তাদের ভয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকালে এসআরবি-৪-এর আভিযানিক দল পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ফোর স্টার মশিউর গ্রুপের অস্ত্রধারী আসামি শেখ ওসমান গনি সোহাগ (৩৫) কে গ্রেপ্তার করে। প্রথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি-৪-এর অধিনায়ক বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে ফোর স্টার গ্রুপের সদস্যরা রাজধানীর পল্লবী, মিরপুর, শাহআলী, কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। এ ছাড়াও তার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তারের জন্য মহড়া শো-আপ করতো এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতো। পাশাপাশি, এসব অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো। যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত করতো।
তিনি বলেন, সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে এসআরবি-৪ গোপন সংবাদে জানতে পারে, রূপনগর এলাকায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৭ থেকে ৮ জনের একটি দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। তৎক্ষণিক আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে এসআরবি। এ ঘটনায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি, ১২টি রামদা, চাকু, ২টি সামুরাই, ৩০ পিস ইয়াবাসহ মদ বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সকলেই ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানান তিনি।
