লামিন ইয়ামালের চোট যেন খুলে দিলো জেসে বিসিউয়ের সামনে নতুন দরজা। বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম ভরসা ইয়ামালকে ছাড়াই আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলতে যাচ্ছে কাতালানরা। তার অনুপস্থিতিতে সফরকারী দলে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার বিসিউ। বার্সার মূল দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য এই প্রথম ডাক পেলেন তিনি। ম্যাচটি শুরু হবে আজ রাত পৌনে ১২টায়। সোমবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ডান গোড়ালিতে হালকা অস্বস্তি অনুভব করছেন ইয়ামাল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আজারবাইজান সফরের দল থেকে বাইরে রাখা হয়েছে। তবে আগামী রোববার দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সা।
ইয়ামালের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন মুখ হিসেবে কোচ হান্সি ফ্লিকের বিবেচনায় এসেছেন বিসিউ। যদিও সাবাহর বিপক্ষে একাদশে জায়গা পাওয়া কিংবা মাঠে নামার তার নিশ্চয়তা নেই। তবে মূল দলের সঙ্গে ইউরোপিয়ান সফরে যাওয়াটাই তরুণ এই ফুটবলারের জন্য বড় অর্জন।
গত গ্রীষ্মে বেলজিয়ামের ক্লাব ব্রুগে থেকে বার্সেলোনায় যোগ দেন বিসিউ। প্রতিভাবান এই উইঙ্গার এর আগে বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের দল ক্লাব এনএক্সটির হয়ে খেলেছেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে তার বার্সায় আসার পর পথটা সহজ ছিল না। কাতালানদের দ্বিতীয় দলের হয়ে খেলার সময় পেশির চোটে পড়েন বিসিউ।
এতে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া এবং নিয়মিত খেলার সুযোগ- দু’টিই ব্যাহত হয়। দীর্ঘদিনের অপেক্ষা ও পুনর্বাসন শেষে এবার মূল দলের সঙ্গে থাকার সুযোগ পেলেন তিনি। বিসিউকে নিয়ে বার্সেলোনার পরিকল্পনা অবশ্য নতুন নয়। তাকে ক্লাব ব্রুগা থেকে দলে ভেড়ানো এবং প্রাক-মৌসুমে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেয়া ছিল ক্লাবের আস্থারই প্রমাণ। এবার সেই আস্থার প্রতিদান দেয়ার পালা। ইয়ামালের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফ্লিকের নজর কাড়তে পারলে বার্সার মূল দলে নিজের জায়গা তৈরির পথ আরও সহজ হতে পারে বিসিউয়ের।
