দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। প্রত্যাবর্তনের ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখলো ফর্টিস এফসি। গতকাল ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে মাঠের লড়াইয়ের বাইরে আলোচনায় ছিলেন ফর্টিসের জাপানি বংশোদ্ভূত উইঙ্গার শুকি ইতোফুসা। উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগে খেলতে ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার প্রতিশ্রুতি অটুট রেখেছেন এই উইঙ্গার। কুঁচকির চোটের কারণে গতকাল মাঠে নামতে পারেননি শুকি। জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচটি দর্শক হিসেবেই উপভোগ করেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশের ক্লাব ছেড়ে অন্য দেশের লীগে খেলতে চান নিজের ফুটবলীয় দক্ষতা আরও বাড়াতে এবং জাতীয় দলের হয়ে আরও ভালো করতে।
শুকি বলেন, ‘নিজের কথা বললে, আমারও একটি শীর্ষ লীগে উচ্চপর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। আর জাতীয় দলের হয়ে ভালো করার জন্য, জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরার জন্য, আমি অন্য একটি লীগে নিজেকে গড়ে তুলতে এবং কঠোর পরিশ্রম করতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবারো জয় এনে দিতে পারি।’ শুকির ক্লাব ছাড়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে না ফর্টিস কর্তৃপক্ষও। এক বছরের চুক্তি থাকলেও তার উন্নতি ও জাতীয় দলের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে ক্লাবটি। ফর্টিসের প্রেসিডেন্ট শাহীন হাসান বলেন, ‘শুকি আমাকে বলেছে, সে যেতে চায়। কারণ, বাইরের কোনো দেশের ফুটবল, যেটা আমাদের চেয়ে উন্নত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হয় এমন দেশে যেতে চায়। যেন নিজের খেলার মান বাড়িয়ে সে আবার বাংলাদেশে এসে খেলতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই তার সঙ্গে এক বছরের চুক্তি ছিল। আমরা চাইলে চুক্তির বেড়াজালে তাকে আটকাতে পারতাম। যেহেতু এখানে জাতীয় দলের ইস্যু, আমরা ফর্টিস ক্লাব শুরু থেকেই জাতীয় দলের ভালো থাকার পাশে। মনে করি, দিনশেষে এটাই আমাদের সফলতা।’ শুকির পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। থাইল্যান্ড কিংবা জাপানের মতো দেশের লীগে খেলার সম্ভাবনা রয়েছে তার। বাংলাদেশের জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচ খেলা এই উইঙ্গার উন্নত লীগে নিজেকে আরও সমৃদ্ধ করে ফিরতে চান আন্তর্জাতিক ফুটবলে।
এদিকে জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ফর্টিস শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরিক বিস্তার ভলিতে এগিয়ে যায় তারা। ৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে পা ওমর বাবুর বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তার পাস থেকে স্টিফেন চুকউদে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন। ২০২১ সালের সেপ্টেম্বরের পর জাতীয় স্টেডিয়ামে প্রথম ঘরোয়া ম্যাচ হলেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। বেলা আড়াইটার ম্যাচে প্রায় ৫০০ দর্শক গ্যালারিতে ছিলেন। এ গ্রুপের অপর ম্যাচে আবাহনী লিমিটেড ২-০ গোলে মুন্সীগঞ্জ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে। শেখ মোরসালিন ও আল আমিন গোল করেন। অন্যদিকে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৮ মিনিটে জাফর ইকবালের গোলে জয় পাওয়া দলটি ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে।
