৯৬ বছরের জন্য ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা ছিল ইনফান্তিনোর

৯৬ বছরের জন্য ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা ছিল ইনফান্তিনোর

ফন্ট সাইজ:

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র বাণিজ্যিক সাম্রাজ্যকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আওতায় আনার পরিকল্পনা করেছিলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফা’র আয় সৃষ্টিকারী সম্পদের স্বত্ব ৯৬ বছরের জন্য একটি নতুন প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া, শেয়ারবাজারে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করা এবং শীর্ষ ব্যবস্থাপকদের জন্য কোটি কোটি ডলারের বোনাসের ব্যবস্থা রাখার প্রস্তাব ছিল। সম্প্রতি ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ১১৫ দিনে ইনফান্তিনোর ৩৯টি ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের তথ্য প্রকাশ করেছে বিবিসি। তার এই বিশ্বভ্রমণ ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের প্রচারণার অংশ কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দ্য অ্যাথলেটিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের প্রস্তাবিত প্রতিষ্ঠানটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয় ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা! যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালকে এ প্রকল্পের প্রধান বিনিয়োগকারী করার পরিকল্পনা ছিল। ফাঁস হওয়া নথির সত্যতা প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠার অষ্টম বছর পর এফএফইকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সুযোগ থাকতো। পাশাপাশি প্রতিষ্ঠানটির মূল্য প্রতি এক বিলিয়ন ডলার বাড়লে ব্যবস্থাপনা দলের জন্য পাঁচ শতাংশ শেয়ার বরাদ্দের পরিকল্পনা ছিল।

সে হিসাবে প্রতি এক বিলিয়ন ডলার মূল্যবৃদ্ধিতে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মিলিতভাবে সর্বোচ্চ ৫০ মিলিয়ন ডলারের শেয়ার পেতে পারতেন। এফএফইতে ফিফা’র প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ধরা হয় ১.৫ বিলিয়ন ডলার। বিনিময়ে বিশ্বকাপসহ ফিফা’র আয় সৃষ্টিকারী সম্পদের স্বত্ব ৯৬ বছরের জন্য নতুন প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। ফিফা’র মালিকানা অন্তত ৫১ শতাংশ রাখার কথা থাকলেও সার্বভৌম সম্পদ তহবিলগুলোর বিনিয়োগের সুযোগও বিবেচনায় ছিল। তবে সম্ভাব্য আইনি বিরোধের ক্ষেত্রে সম্পদ জামানত রাখার শর্ত হিসেবে তাদের সার্বভৌম দায়মুক্তির অধিকার ছাড়তে হতো। তবে সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠের অনুমোদন প্রয়োজন হওয়ায় শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ফিফা’র ২১১ সদস্য এসোসিয়েশন, এমনকি সংস্থাটির কাউন্সিলের কাছেও দীর্ঘদিন পরিকল্পনাটি গোপন রাখা হয়। গত জুলাইয়ের শেষ দিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর বিদেশ সফর নিয়ে নতুন অনুসন্ধান প্রকাশ করেছে বিবিসি। ২৮শে জুলাই এফএফই পরিকল্পনার খবর প্রকাশের পর ১১৫ দিনে তিনি ৩২টি দেশ সফর করেছেন। ব্যক্তিগত উড়োজাহাজে তার মোট ভ্রমণ ৩৯টি, দূরত্ব ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল। আকাশপথে সময় কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, অর্থাৎ প্রায় ৯ দিন।

বিবিসি’র হিসাবে, কাতার এক্সিকিউটিভ পরিচালিত এসব উড়োজাহাজ ব্যবহারে আনুমানিক ১ হাজার ৬৭৩ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ হয়েছে। পরিবেশগত প্রভাবের পাশাপাশি এসব সফরের অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন ফুটবল প্রশাসনের সাবেক কর্মকর্তারা।
ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বলেন, ‘সমস্যা হলো, ফিফা’য় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি দায়িত্ব পালনের কথা বলে পরোক্ষভাবে নিজের প্রচারণা চালাতে পারেন।’
উয়েফা’র সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসনও জানতে চেয়েছেন, এসব সফরের ব্যয় কতো এবং অর্থের জোগান কোথা থেকে আসছে। তার প্রশ্ন, ব্যক্তিগত উড়োজাহাজের পেছনে ব্যয় না করে সেই অর্থ সদস্য এসোসিয়েশনগুলোর উন্নয়নে বিনিয়োগ করা যেতো কিনা।

অভিযোগের জবাবে ফিফা জানিয়েছে, সভাপতি হিসেবে সদস্য এসোসিয়েশন, রাজনৈতিক সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ইনফান্তিনোর দায়িত্ব। সংস্থাটির দাবি, তার সব ভ্রমণই প্রচলিত বিধি মেনে হয়েছে।