বাংলাদেশ কেন এত ‘প্রিয়’ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের

বাংলাদেশ কেন এত ‘প্রিয়’ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের

ফন্ট সাইজ:

বাংলাদেশের বোলারদের যেন একেবারে চেনা প্রতিপক্ষ মার্কোস অ্যাকারমান। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে নামলেই রানের ফোয়ারা ছোটে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের। সেঞ্চুরি, ফিফটি কিংবা বড় ইনিংস- সবই যেন তার কাছে নিয়মিত ঘটনা। গতকাল বাংলাদেশের বিপক্ষে আরও একবার ব্যাটিং তাণ্ডব দেখিয়ে নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। মাত্র ১৬ মাসের ব্যবধানে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দ্রুততম ১৫০ রানের রেকর্ড। মার্কোস অ্যাকারমানের টেস্ট ক্যারিয়ার মাত্র চার ম্যাচের। এরই মধ্যে দু’টি সেঞ্চুরি ও দু’টি ফিফটি করেছেন তিনি। দুই সেঞ্চুরিই বাংলাদেশের বিপক্ষে, তাও আবার ওয়ানডে মেজাজে। গতকাল ১৩৭ বলে ১৫০ রান করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম ১৫০ রানের কীর্তি গড়েন অ্যাকারমান।

এর আগে গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ বলে ১৫৩ রান করে এই রেকর্ড গড়েছিলেন লুহান ড্রে প্রিটোরিয়াস। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যাকারমান। মিডল অর্ডারের ব্যাটারদের তুলনায় নতুন বলের মুখোমুখি হওয়া ওপেনারদের কাজটা অবশ্য সহজ নয়। তবে অ্যাকারমান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত। গতকাল ৫৩ বলে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি। তিন অঙ্কে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে আরও ৫৮ বল। অর্থাৎ ১১৮ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ৩৪তম ওভারে শরিফুল ইসলামের বলে তিন অঙ্ক ছুঁয়ে উদ্‌যাপানে মাতেন অ্যাকারমান। ওই ওভারে শরিফুলকে চারটি চার মেরে প্রোটিয়া ওপেনার নেন ২০ রান। সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই ওপেনার। ৩৬তম ওভারে নাজমুল হোসেন শান্তকে পিটিয়ে একাই সেই ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহে যোগ করেন ২০ রান। দু’টি চার ও ছক্কা হাঁকিয়ে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচয় দেন তিনি। পরে শরিফুলকে আবারো পেয়ে চালিয়ে যান তাণ্ডব। ৪২তম ওভারে তার কাছ থেকে নেন ১৫ রান, যেখানে ছিল দু’টি চার ও একটি ছক্কা। ৪র্থ ওভারের দ্বিতীয় বলে শরিফুলকে চার মেরে ১৫০ পূর্ণ করেন মার্করাম। ঠিক পরের বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করে থামেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। তার বিদায়ে ভাঙে জর্জ-অ্যাকারমানের ৭৮ বলে ৭৪ রানের জুটি। এর আগে দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ক’দিন আগে জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন অ্যাকারমান। সেদিন ১৬৪ বলে ২১ চার ও এক ছক্কায় ১৫৭ রান করেন তিনি।

এর আগে প্রিটোরিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২৩৭ বলের ইনিংসে ২৪ চার ও ৭ ছক্কায় করেছিলেন ২৫৬ রান। বাংলাদেশের বোলারদের বিপক্ষে মার্করামের এই ধারাবাহিকতা তাই নতুন করে প্রশ্ন তুলছে- দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের কাছে বাংলাদেশ কি সত্যিই এত ‘প্রিয়’ প্রতিপক্ষ?