৪ঠা ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ

৪ঠা ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ

ফন্ট সাইজ:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর শুরু হচ্ছে বসুন্ধরা হাউজিং ‘ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। পুরুষ ও নারী বিভাগে ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তৃণমূল থেকে ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের মাঠমুখী করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্ট উপলক্ষে গত সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো, ট্রফি ও জার্সি উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসি’র ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পুরুষ বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে খেলবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। ভবিষ্যতেও এ প্রতিযোগিতা নতুন প্রতিভা আবিষ্কারে ভূমিকা রাখবে বলে আশা তার। খেলাধুলা শুধু খেলোয়াড় তৈরির মাধ্যম নয়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখারও গুরুত্বপূর্ণ উপায় বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করাও এর অংশ।

খেলাধুলার সুযোগ বাড়লে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমও তরুণদের সুস্থ জীবনযাপনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর সেবার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। টুর্নামেন্টের কারিগরি পরিচালক সাঈদ হাসান কানন মনে করেন, মোবাইল গেম ও মাদকাসক্তি থেকে তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে। বিসিবি সভাপতি তামিম ইকবাল উদ্যোগটির প্রশংসা করে ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামও এ আয়োজনকে স্বাগত জানিয়ে তাদের এলাকায় মেয়র কাপ আয়োজনের পরিকল্পনার কথা জানান। ঢাকার মাঠ সংকট ও তরুণদের মাঠবিমুখতার বাস্তবতায় ডিএনসিসি কাপ নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে পারে। তবে এ উদ্যোগের সাফল্য নির্ভর করবে প্রতিযোগিতার ধারাবাহিকতা, নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী পর্যায়ে তুলে আনার ওপর।