ক্রিকেটে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো সৌজন্য ও পারস্পরিক সম্মানের প্রতীক। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেটে সেই রীতি এখন কার্যত বন্ধ। গত রোববার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচেও দেখা যায়নি হাত মেলানোর দৃশ্য। ম্যাচের আগে-পরে দুই দলের ক্রিকেটাররা সৌজন্য বিনিময় এড়িয়ে গেছেন।
গত বছর দুবাইয়ে ছেলেদের এশিয়া কাপের পর থেকে ভারত-পাকিস্তান ক্রিকেটে এই চর্চা শুরু হয়। এরপর জাতীয় দল, বয়সভিত্তিক দল এমনকি নারী ক্রিকেটেও একই চিত্র দেখা গেছে। তবে ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানো নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) অবস্থান স্পষ্ট। তারা হাত মেলানোর রীতি দেখতে চাইলেও ওপর মহলের নির্দেশনা থাকলে তা বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা নেই তাদের। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি টি-টোয়েন্টি উপলক্ষে অবস্থান করছেন এমসিসি’র আইন ব্যবস্থাপক ও ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট। ভারত-পাকিস্তানের হাত না মেলানোর বিষয়ে তিনি বলেন, ‘হাত মেলানো নিয়ে ওপর মহল থেকে কোনো নির্দেশনা এলে সেটা নিয়ন্ত্রণ করা এমসিসি’র পক্ষে সম্ভব না। আমরা অবশ্যই তা দেখতে চাই, তবে বুঝি যে এখানে আরও বড় বিষয় জড়িয়ে আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ ক্রিকেটের বাইরের রাজনৈতিক বাস্তবতাও স্বীকার করেছেন স্টুয়ার্ট।
তার ভাষায়, ‘কিছু ঘটনা ক্রিকেটকে ছাড়িয়ে যায় এবং ভূরাজনৈতিক পরিস্থিতির মতো বিষয় থেকে আসে, যার উপর মন্তব্য করার অবস্থান আমার নেই। আমরা মাঠে যা নিয়ন্ত্রণ করতে পারি, তা হলো খেলোয়াড়রা একে অপরকে সম্মান করে, আম্পায়ারদের কর্তৃত্বকে সম্মান করে এবং খেলাটিকে সম্মান করে।’ গত বছরের এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলার চর্চা শুরু হয়। এরপর পুরুষ ও নারী ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে একই অবস্থান দেখা গেছে। রাইজিং স্টারস টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দুই দল।
