২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক চার দেশ

ফন্ট সাইজ:

নারী ফুটবলের বিশ্বমঞ্চ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে নতুন অধ্যায়ে প্রবেশ করছে ফিফা। ২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। আর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যে। সোমবার ফিফা’র সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অনুমোদন পায় দুই আসরের আয়োজক প্রার্থিতা। ২০৩১ সালের আসর দিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। একই সঙ্গে চারটি দেশ মিলে আয়োজন করবে এই বৈশ্বিক প্রতিযোগিতা। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে ৩২টি দল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই সম্প্রসারণকে নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘২০৩১ সাল থেকে ৪৮টি দল এবং চারটি আয়োজক দেশ থাকবে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এটি অবিশ্বাস্য অগ্রগতি।’

২০৩১ সালের আয়োজক হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটই ছিল একমাত্র প্রার্থী। অন্যদিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের যৌথ প্রার্থিতার বিপরীতেও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
নারী বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালে ব্রাজিলে। ২৪শে জুন থেকে ২৫শে জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ২০২৩ সালের আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
নারী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছে তারা। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে নারী বিশ্বকাপ আয়োজন করে দেশটি। অন্যদিকে যুক্তরাজ্যে সর্বশেষ সিনিয়র পর্যায়ের পুরুষ বা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৬৬ সালে। সেবার পুরুষ বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি শিরোপাও জেতে ইংল্যান্ড।