এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমলো দুই-তৃতীয়াংশ, ডিজিটাল এজিএমের সুযোগ

ফন্ট সাইজ:

পুঁজিবাজারের এসএমই বোর্ডে সেকেন্ডারি বাজারে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৪০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএমই বোর্ডে সেকেন্ডারি বাজারে লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সিদ্ধান্ত কার্যকর করতে কমিশনের আগের আদেশ ও নির্দেশনা সংশোধন করে নতুন আদেশ জারি করা হবে। সংশোধিত আদেশ বা নির্দেশনা জারির তারিখ থেকে কার্যকর হবে নতুন বিনিয়োগসীমা।

অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানির এজিএম আয়োজনের ক্ষেত্রেও শর্ত শিথিল করেছে বিএসইসি। এখন থেকে সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সব তালিকাভুক্ত কোম্পানি অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে বিএসইসি।
ফান্ডগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগের কারণে ইউনিটহোল্ডাররা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ ঘটনায় জনস্বার্থে গত ১০১৮তম কমিশন সভায় ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবাল কমিশনের কাছে রিভিউ আবেদন করে। মঙ্গলবারের ১০৪০তম কমিশন সভায় আবেদনটি নামঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।