বেপজার অগ্রযাত্রা অব্যাহত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে

বেপজার অগ্রযাত্রা অব্যাহত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে

ফন্ট সাইজ:

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

মঙ্গলবার বেপজার নির্বাহী দপ্তর পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। নির্বাহী দপ্তরে পৌঁছালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বেপজাধীন ইপিজেডগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য বেপজার প্রশংসা করেন।

বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের রপ্তানি আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের অগ্রযাত্রায় বেপজা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে। বেপজার এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগকারীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে সরকার বেপজাকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি পরিবেশ সংরক্ষণে বেপজার চলমান উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং বিশেষত সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক সময়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১ ও ০২, চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শ্রমিকদের সঙ্গে নিয়মিত সংলাপ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ইপিজেডগুলোর শান্তিপূর্ণ কর্মপরিবেশ ও অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি, যেকোনো ধরনের শ্রম অসন্তোষ দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে দীর্ঘ ৪৬ বছরের পথচলা, সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে মুখ্য সচিবকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তিনি দেশে ইপিজেড প্রতিষ্ঠার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নির্বাহী চেয়ারম্যান জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে বেপজা রেকর্ড পরিমাণ বিনিয়োগ চুক্তি সম্পাদনের পাশাপাশি রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে শ্রমিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই শিল্পায়নের কার্যক্রম দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে বেপজা।

নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার অবদান অসামান্য। শুধু তাই নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও বেপজা ব্যাপক ভূমিকা রাখছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে বেপজা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।

বেপজাধীন জোনসমূহের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় করতে ও বিভিন্ন সময়ে বিনিয়োগকারীদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে যে সহযোগিতা পেয়েছেন, সেজন্য নির্বাহী চেয়ারম্যান মুখ্য সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিনিয়োগকারীদের সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জের বিষয়ে মুখ্য সচিবকে অবহিত করে নির্বাহী চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে, এসব চ্যালেঞ্জ নিরসন করা সম্ভব হলে বিনিয়োগকারীরা আরও নির্বিঘ্নে ও সহজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং দেশে নতুন বিনিয়োগ আরও উৎসাহিত হবে। পাশাপাশি, ক্রমবর্ধমান বিনিয়োগের চাহিদা মেটাতে দেশে আরও নতুন ইপিজেড গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি তুলে ধরেন।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম এবং পরিচালক-১ ফাহমিদ ফারহান উপস্থিত ছিলেন। এছাড়া বেপজার সদস্য (প্রকৌশল), নির্বাহী দপ্তর ও বেপজাধীন জোনসমূহের নির্বাহী পরিচালক, প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।