বামা সভাপতি মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

বামা সভাপতি মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

ফন্ট সাইজ:

বাংলাদেশ এগ্রোক্যামিকেল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বামা) এর প্রেসিডেন্ট এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার-এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তাকে গ্রেপ্তার করার সংবাদে কোন কোন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে তাকে ‘আওয়ামী লীগ’ নেতা হিসেবে উল্লেখ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, আমরা এই ধরনের মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংবাদের এ অংশ প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, মোস্তাফিজুর রহমান একজন দেশপ্রেমিক ব্যবসায়ী এবং তিনি কখনও পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কোন কমিটিতে ছিলেন না এমনকি তার সঙ্গে আওয়ামী লীগের কোনরকম রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশপ্রেমিক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দেশের কৃষিখাতে প্রয়োজনীয় কীটনাশক উৎপাদকদের সংগঠন বামা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে দেশের স্বার্থ বিবেচনায় আমদানির বদলে দেশেই কীটনাশক উৎপাদনের উপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার সঙ্গে নিয়মিত কাজ করছিলেন তিনি। এতে ক্ষীপ্ত হয়ে কীটনাশক আমদানিকারকরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপতথ্য, ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে ভুয়া সংবাদ করতে তৎপরতা চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে গণমাধ্যমগুলো কোনরকম যাচাই-বাছাই ছাড়াই ভুয়া সংবাদ প্রচার করছে। এ অবস্থায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারকারী গণমাধ্যমকে এই প্রতিবাদপত্র প্রচার ও প্রকাশের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।