জনপ্রিয় অভিনেতা সোহেল খান আজ সকালে মৃত্যুবরণ করেছেন। সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। মূলত বগুড়ায় মোহাম্মদ আরশাদ আদনান প্রযোজিত ও এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।
এদিকে সোহেল খানকে নিয়ে ছবিটির প্রযোজক আরশাদ আদনান ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, সোহেল ভাই, আপনাকে নিয়ে লিখতে গিয়ে বারবার হাত থেমে আসছে। ‘নসীব’-এর সেটে সেদিন দেখা হলো। আমি সেটে ঢুকতেই আপনি পাশে এসে বসলেন। এটাই ছিল আপনার স্বভাব—নিজে থেকে সবার কাছে যাওয়া, কথা বলা, আন্তরিকভাবে মিশে যাওয়া। পাশাপাশি বসে নতুন আর্টিস্টদের শর্ট দেখছিলাম আমরা। পাশেই তো বসে ছিলেন আপনি! কে জানত, এত তাড়াতাড়ি সেই মুহূর্তগুলো স্মৃতি হয়ে যাবে! একসঙ্গে কাজের সেই ছোট ছোট মুহূর্তগুলো আজ বড় বেশি মনে পড়ছে। সবচেয়ে কষ্ট হচ্ছে, আমাদের স্বপ্নের সিনেমা ‘নসিব’-এর শুটিং চলাকালীনই আপনাকে এভাবে হারাতে হলো।
সিনেমাটি একদিন পর্দায় আসবে, কিন্তু সেখানে আপনার অনুপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হবে। আপনার এই আকস্মিক চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। মহান আল্লাহ আপনার সকল ভুলত্রুটি ক্ষমা করে আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আপনার পরিবার ও আমাদের পুরো ইউনিটকে এই শোক সহ্য করার শক্তি দিন। তিনি উল্লেখ করেন, কিছু মানুষ চলে গিয়েও স্মৃতিতে থেকে যান আজীবন। সোহেল ভাই, আপনিও আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন। গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসা।
