‘ইমরান খানের জীবন হুমকির মুখে’

‘ইমরান খানের জীবন হুমকির মুখে’

ফন্ট সাইজ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির জীবন, স্বাস্থ্য ও মৌলিক অধিকার সুরক্ষায় অবিলম্বে বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়েছেন দেশটির বিরোধী নেতারা।
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়ে সুপ্রিম কোর্টের ১৮ আগস্টের আদেশ পুরোপুরি কার্যকরের দাবি জানিয়েছেন বিরোধীরা।
ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর তোশাখানা-২ মামলায় তাদের ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সৌদি আরব সফরের সময় দেশটির যুবরাজের উপহার দেয়া বুলগারি ব্র্যান্ডের একটি গয়নার সেট অবৈধভাবে নিজেদের কাছে রাখার অভিযোগে এ মামলা করা হয়।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায়ও তিনি সাজা ভোগ করছেন। এ ছাড়া ২০২৩ সালের ৯ মে বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন।
বিরোধী নেতাদের চিঠির বিষয়বস্তু পাকিস্তানের রাজনৈতিক জোট তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন পাকিস্তানের (টিটিএপি) এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, জাতীয় পরিষদ ও সিনেটে বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাস দেশটির সর্বোচ্চ আদালতগুলোর প্রধান বিচারপতিদের উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ চিঠি’ লিখেছেন।
চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন হুমকির মুখে। তার জীবন রক্ষায় সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা গত তিন মাস ধরে উপেক্ষা করা হচ্ছে। এতে তার জীবনের ঝুঁকি কমার পরিবর্তে আরও বেড়েছে।
আচাকজাই ও আব্বাস বলেন, নির্বাহী বিভাগ যখন সংবিধান ও সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে এবং এর ফলে কোনো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে, তখন বিষয়টি আদালতের সামনে তুলে ধরা তাদের সাংবিধানিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। পাকিস্তানের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব আদালতের ওপর বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্টের আদেশ মানা হয়নি, অভিযোগ বিরোধীদের
গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট এক আদেশে ইমরান খানকে বিশেষায়িত চিকিৎসার জন্য আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাতের ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেয়া হয়।
তবে আদালতের নির্দেশ সত্ত্বেও ইমরানকে শিফা হাসপাতালে নেয়া হয়নি। এর পরিবর্তে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেয়া হয়। সেখানে চিকিৎসা পরীক্ষার পর আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। আদালতের আদেশ যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে পরে পিটিআই আদালত অবমাননার আবেদন করে।
আদিয়ালা কারাগারে ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। ইমরানের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও খুব কম দেয়া হচ্ছে।

ইমরানের মুক্তি চেয়েছে জাতিসংঘ
চিঠিতে বলা হয়েছে, বিষয়টি এখন আর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নেই। গত ১৯ নভেম্বর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের মুক্তি ও যথাযথ চিকিৎসার আহ্বান জানিয়েছেন।
তুর্ক বলেছিলেন, ‘আমি ইমরান খানের মুক্তি চাই। তার যথাযথ চিকিৎসার আহ্বান জানাই। একই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি।’
বিরোধী নেতারা চিঠিতে উল্লেখ করেন, বিশ্বের শীর্ষ মানবাধিকার কর্মকর্তার পক্ষ থেকে কোনো বন্দির মুক্তি ও যথাযথ চিকিৎসার আহ্বান পাকিস্তানের আন্তর্জাতিক অঙ্গীকারের বিষয়টিও সামনে নিয়ে এসেছে। পাকিস্তান নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদেরও সদস্যরাষ্ট্র। এসব কোনো বিদেশি চাপ নয়; বরং পাকিস্তান নিজেই যেসব আন্তর্জাতিক অঙ্গীকার করেছে, সেগুলো সরকারের মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।