বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া

বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া

ফন্ট সাইজ:

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ একটি জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত শক্তিশালী এই রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তা। একই জাহাজে পাওয়া গেছে নিবন্ধনহীন লাখো সিম কার্ড। এ ঘটনায় চালানটির মালিকানা, গন্তব্য এবং বাংলাদেশে কারা এগুলো গ্রহণ করার কথা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বেলাওয়ান উপকূলীয় জলসীমায় গত ৭ নভেম্বর কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়। জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোয়ারমাদা-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, জব্দ করা রাসায়নিকের পরিমাণ দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। তবে এই চালান কী উদ্দেশ্যে এবং কার কাছে পাঠানো হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

যেভাবে জব্দ হলো জাহাজ
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়াসপাদা ডট আইডির প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি নেয়ার জন্য বেলাওয়ান উপকূলের জলসীমায় নোঙর করেছিল এমভি স্টার লাইন। এ সময় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যদের নজরে আসে জাহাজটির সন্দেহজনক গতিবিধি।
টহল দলের সদস্যরা দেখতে পান, জাহাজটি নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করছে। এরপর তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
পরিদর্শনের সময় জাহাজের কাগজপত্র ও পণ্যবাহী চালানের তথ্যে অসংগতি ধরা পড়ে। পরে কেআরআই সিগালুর কমান্ডার আঞ্চলিক সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে জাহাজটিতে বিস্তারিত তল্লাশির নির্দেশ দেন।
ডেনি সেপ্টিয়ানা বলেন, জাহাজটি থামিয়ে তল্লাশির পর বেশ কিছু পণ্য ও নথি পাওয়া গেছে, যেগুলো তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
তল্লাশিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছাড়াও ৫৪টি প্যালেটে রাখা লাখ লাখ নিবন্ধনহীন ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড পাওয়া যায়।

চালানের মালিক কে, তদন্তে ইন্দোনেশিয়া
জাহাজটি আটক হওয়ার পর রাসায়নিকের উৎস, মালিকানা এবং বাংলাদেশে সম্ভাব্য গ্রাহক কারা-এসব বিষয় সামনে এসেছে। বিশেষ করে এত বিপুল পরিমাণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাসায়নিক কেন বাংলাদেশে পাঠানো হচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি পণ্যবাহী চালানের নথিতে অসংগতি এবং পণ্যগুলোর প্রকৃত প্রাপকদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
জাহাজটির নথিতে মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৭ সালের ৮ অক্টোবর উল্লেখ থাকলেও এর বৈধতার অবস্থান স্থগিত হিসেবে দেখানো হয়েছে।
সেপ্টিয়ানা বলেন, জাহাজটির প্রশাসনিক কাগজপত্র, সমুদ্রযাত্রার বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কী এই সোডিয়াম পারক্লোরেট?
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক। শিল্পকারখানায় বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট, বিস্ফোরক এবং পাইরোটেকনিক পণ্য তৈরিতেও এটি ব্যবহৃত হয়।
তবে রাসায়নিকটি নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে এটি দহন প্রক্রিয়াকে তীব্র করতে পারে। শিল্পকারখানা ও গবেষণাগারেও এর ব্যবহার রয়েছে। কিন্তু বিপুল পরিমাণে এই রাসায়নিক সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তাবিধি অনুসরণ করা জরুরি। কারণ যথাযথ ব্যবস্থাপনা না থাকলে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
জাহাজটি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ও নিবন্ধনহীন সিম কার্ড উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক নৌপথে সংবেদনশীল শিল্প রাসায়নিক পরিবহন নিয়েও নতুন করে নজরদারির প্রশ্ন উঠেছে। তবে চালানটির সঙ্গে বাংলাদেশের কোনো সামরিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।