গোপালগঞ্জে আজও সবকিছু স্বাভাবিক, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

গোপালগঞ্জে আজও সবকিছু স্বাভাবিক, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

ফন্ট সাইজ:

সবকিছু স্বাভাবিক দিনের মতোই চলছে গোপালগঞ্জে। খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল। এর মধ্যেই সোমবার সকালে জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে জড়ো হয়ে স্লোগান দেন ৪০ থেকে ৫০ জন যুবক। প্রায় ১০টি অটোরিকশা ও মিশুকে করে তারা সেখানে আসেন।

স্থানীয়দের ভাষ্য, গত রাত থেকে বিভিন্ন এলাকা থেকে যুবকদের জেলা সদরে আসার প্রবণতা বেড়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে রয়েছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা। চলছে বিজিবি ও পুলিশের টহল। স্বাভাবিক জনজীবনের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।
সোমবার সরজমিনে শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইনস, বিভিন্ন মার্কেট ও কয়েকটি এলাকা ঘুরে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।

সরকারি-বেসরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে নিয়মিত কার্যক্রম। ব্যাংকগুলোতেও ফিরেছে স্বাভাবিক লেনদেন। সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে দিয়ে বিজিবি ও পুলিশের একটি টহল দল গাড়ি নিয়ে যায়। এর ১৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে সেখানে ৪০ থেকে ৫০ জন যুবককে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তাদের নিয়ে আসা চালক আসাদ রহমান বলেন, ‘ঘোণাপাড়া থেকে এসব যুবক-তরুণ জেলা সদরে এসেছেন।’ স্থানীয়রাও বলছেন, গত রাত থেকে বিভিন্ন এলাকা থেকে যুবকদের শহরে আসতে দেখা যাচ্ছে।

এদিকে ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। শনিবার সন্ধ্যায় আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। একই সময়ে আনসার ব্যাটালিয়নের আরও ৭ প্লাটুন যুক্ত হওয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আজ সোমবার মিছিল ও স্লোগান ছাড়া শহরের অন্যান্য এলাকায় উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি। সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা বা গ্রেপ্তার নেই বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।