সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের’। প্রতিবেদনে বলা হয়, রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই– এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।
জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।
সরকারি এবং বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে, নাকি পরবর্তী সময়ে সব দলগুলোকে প্রধানমন্ত্রীর সংলাপ হবে, তা গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আনুষ্ঠানিক সংলাপের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে নাখোশ জামায়াত। তবে বিএনপি এবং এনসিপি সূত্র জানিয়েছে, গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল, এর ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে কথা বলবেন সরকারপ্রধান। সম্ভাব্য এই বৈঠকের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও অনানুষ্ঠানিক রাখতে দুপক্ষই নীরব রয়েছে। এনসিপির তিন জ্যেষ্ঠ নেতা আজ দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রীর এই সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়।
গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোকে ঐক্যের সংলাপে আমন্ত্রণ জানাতে বিএনপি দলীয়ভাবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ চলছে। বিএনপির একাধিক হুইপ এর দূতিয়ালি করছেন। তারা জানিয়েছেন, জামায়াতের আমির শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর দলটির সঙ্গে সংলাপের দিনক্ষণ ঠিক হবে।
আওয়ামী লীগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর আবার লকডাউনের ঘোষণা দিয়েছে। দলটি ১৯ নভেম্বরের লকডাউনের মতো নাশকতা করতে পারে এমন আশঙ্কায় এর আগেই সবাইকে নিয়ে সংলাপে বসতে পারে বিএনপি।
বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেছেন। আরও অনেকের সঙ্গে কথা বলবেন।
সরকারদলীয় আরেক হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সংলাপে স্পষ্ট হবে শুধু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নয়, জনগণও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যারা বাংলাদেশের ওপর ১৫ বছর নিপীড়ন চালিয়েছে, বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের কোনো সুযোগ নেই। নাশকতা করেও তারা পার পাবে না।
নাশকতার কারণে বিরোধ থেকে ঐক্যের চিন্তা
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। তাঁর এ ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন গোপালগঞ্জে দুটি থানায় আগুন দেন। লুট করা হয় অস্ত্র। এ ছাড়া বিএনপির স্থানীয় তিনজন সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর, হাসপাতালে আগুন দেন তারা।
দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনায় আগুন এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোর ভিডিও সামাজিক মাধ্যমে নিজেরাই প্রচার করছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একজন বাসচালক ও একজন চালকের সহকারীর প্রাণ গেছে। এর জেরে নড়াইলে বিএনপির নেতাকর্মীরা সন্দেহভাজন হামলাকারীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। রাস্তায় পাহারা বসিয়ে ককটেলের বিস্ফোরণ এবং আগুন দিতে আসার অভিযোগে আওয়ামী লীগকর্মীদের ধরে মেরে পুলিশে দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে অংশ নিয়ে শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো দলগুলো অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিরোধে জড়ায়। ক্ষমতায় আসা বিএনপি এবং বিরোধী দলের আসনে বসা জামায়াতের মধ্যে এ বিরোধ দিনে দিনে বেড়েছে। বিএনপির সঙ্গে এনসিপিরও দূরত্ব বেড়েছে।
৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেও তা অব্যাহত ছিল। কিন্তু ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ ধর্মঘট ডেকে গোপালগঞ্জে প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে মহড়া দিলে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। অধিবেশনের তৃতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানান। ১৭ নভেম্বর থানা এবং এমপিদের বাড়িতে আগুনের পর সরকারি এবং বিরোধী দল তা ঠেকানোর কথা বলে। ১৮ নভেম্বর সমাপনীর আগে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা অনানুষ্ঠানিক বৈঠক করেন।
এরপর সেদিন সংসদে প্রধানমন্ত্রী জুলাইয়ের ঐক্য গড়ার আহ্বান জানান। আওয়ামী লীগকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ মাথা তুলতে চাইলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পরের দিন ১১ দলীয় ঐক্যের বৈঠকে আহ্বানে জোটগতভাবে সাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মন্ত্রী এবং বিএনপি নেতারাও আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন। যাদের অনেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন নির্বাচনের আগে।
প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সমকালকে বলেন, আওয়ামী লীগ প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুম, খুন, গুলি করিয়ে দমন করত। ফলে জুলাই অভ্যুত্থান ঘটে। মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কে আওয়ামী লীগ কোণঠাসা। বিএনপি একই পথে পা বাড়াবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি না করিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। এ কারণেই গোপালগঞ্জে শক্তি প্রয়োগ করেনি। আওয়ামী লীগের উস্কানি ছিল, সরকার গুলি চালাক। যাতে প্রাণহানি ঘটত। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনে বিএনপিকে তাদের স্তরে নামিয়ে আনত। সরকার দেশি-বিদেশি চাপে পড়ত।
এই উপদেষ্টা আরও বলেন, প্রাণহানি ঠেকাতে তাই রাজনৈতিক দলগুলো রাজপথের নিয়ন্ত্রণ রাখবে। তখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নাশকতা নিয়ন্ত্রণ সহজ হবে। আবার রাতের বেলায় মানুষের ঘরে আগুন দেওয়া; বাজার, যানবাহন পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটালে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়ে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে আরও চাপে পড়বে।
এনসিপি দিচ্ছে নানা শর্ত
জোটগতভাবে সরকারের সঙ্গে সংলাপের আলোচনা হলেও ১১ দলের শরিক এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করতে যাচ্ছে তাতে নাশোখ জামায়াত। যদিও এনসিপির সূত্র সমকালকে বলেছে, বিএনপি চেয়ারম্যান এবং জামায়াত আমিরের বৈঠকের পর তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপি নেতৃত্বকে সরকারপ্রধান আমন্ত্রণ করেছেন। রাজনৈতিক গুরুত্ব ধরে রাখতে, এনসিপি এতে সাড়া দিয়েছে।
বৈঠকটি অনানুষ্ঠানিক হওয়ায় এনসিপির কেউ সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি। দলটির একাধিক নেতা বলেন, নিঃশর্ত ঐক্য হবে না। তারা ভিত্তিহীন এবং ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য চান না। সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই সনদ অনুযায়ী সংস্কার, জুলাই হত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারের শর্ত দেবেন। প্রধানমন্ত্রীর কাছে এসব শর্ত তুলে ধরবেন।
এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দেশে ফিরে একই বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সত্যতা নিশ্চিত না করলেও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা এবং গঙ্গা চুক্তি নবায়নসহ মৌলিক ইস্যুতে বিএনপি অঙ্গীকারবদ্ধ হলে ঐক্য হতে পারে। প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। নইলে ডিসেম্বরের ঐক্য জানুয়ারিতে থাকবে না।
এনসিপি নানা শর্ত দিলেও দলটি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সমকালকে বলেন, সরকারের সঙ্গে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে তারা মাঠে আছেন, থাকবেন। এ জন্য ঐক্যের ব্যাপারে এনসিপি ইতিবাচক। তবে সেই ঐক্যের ভিত্তিটা পরিষ্কার হতে হবে।
রাজনৈতিক পর্ষদের বৈঠকের পর এনসিপি নেতারা সমকালকে বলেছেন, যদি প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে সব দলকে নিয়ে সংলাপ করেন, তাতেও অংশ নেবেন।
চাপে রাখছে জামায়াত
আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে জামায়াত ইতোমধ্যে ৪১ দিনের কর্মসূচি দিয়েছে। গতকাল রোববার দলের সব জেলা এবং মহানগর শাখার আমিরদের ঢাকা ডেকে এনে জরুরি সম্মেলন করেছে। তাদের বার্তা দেওয়া হয়েছে সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও দলীয় স্বার্থে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তারা যাতে নামতে না পারে, সে জন্য জেলা এবং মহানগরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
জেলা এবং মহানগর আমিরদের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহার বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াত।
জামায়াতের মহানগর শাখাগুলোও নানা কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। জামায়াত এই অবস্থান নিলেও বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে নানা চাপ রাখছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঐক্য কীসের ভিত্তিতে হবে? ঐকমত্য ছাড়া তো ঐক্য হয় না। সরকারি দল যদি গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে রাজি হয়, তাহলে ঐক্য হবে। বিচার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ এমনিতেই দমন হয়ে যাবে।
বিএনপির সমমান এবং ১১ দলের বাইরে থাকা দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। রুহুল কুদ্দুস দুলু বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব দল থাকবে সংলাপে।
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা এখনও আমন্ত্রণ পাননি।
প্রথম আলো
‘ব্যয় বাড়াচ্ছে সরকার, আয় কম’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সরকার নিজের খরচ বাড়িয়েই চলেছে। নতুন বেতনকাঠামো, নতুন নতুন প্রকল্প ও নতুন কর্মসূচিতে যেমন বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, তেমনি বিদেশি ঋণ পরিশোধ ও জ্বালানি খাতে ভর্তুকিতেও সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে।
ব্যয় বাড়তে থাকলেও আয় সেভাবে বাড়ছে না। পুরোনো উৎস থেকে বাড়তি রাজস্ব পাওয়া কঠিন হয়ে পড়ছে। বরং কর কমানোর চাপ আছে। অন্যদিকে বিদেশি ঋণের বোঝাও এখন বেশি। নতুন করে অতিরিক্ত ঋণ নিলে অর্থনৈতিক সংকটের ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরকার টাকা পাবে কোথা থেকে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন প্রকল্প নেওয়া, নতুন বেতনকাঠামো, অতিরিক্ত ভর্তুকি ব্যয়সহ বাড়তি খরচ করার মতো নিজস্ব আর্থিক সক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। সরকারের আয়ের পথ সংকুচিত হচ্ছে। তিনি আরও বলেন, পরিচালন খরচ চালাতেই সরকারের ঘাম ছুটে যাচ্ছে। এমন অবস্থায় নতুন নতুন প্রকল্প নেওয়ার উদ্দেশ্য হলো রাজনৈতিক ‘মাইলেজ’ নেওয়া। প্রকল্প নেওয়ার পর প্রাথমিকভাবে অফিস, গাড়ি, বিদেশ ভ্রমণ—এসব কাজ হয়ে যাবে। এ জন্য টাকা প্রকল্পের অর্থায়নের সরকারি অংশ থেকে খরচ হয়। কিন্তু মূল কাজ হয় না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের শাসনক্ষমতায় আসে বিএনপি। নতুন সরকার গত জুনে ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছে, তার ব্যয় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি।
আয়ের ৮৫ শতাংশের মতো আসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে অর্জিত কর থেকে। চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায় করতে হবে, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এনবিআর রাজস্ব আদায়ে ১ শতাংশের কিছু বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। অর্থনৈতিক পরিস্থিতি, জনবলসংকটসহ নানা কারণে এনবিআর রাজস্ব আদায় প্রয়োজনীয় হারে বাড়াতে পারছে না। অন্যদিকে সরকার খরচ বাড়াচ্ছে।
নতুন নতুন ব্যয়
নতুন সরকারের ব্যয় একলাফে বেড়ে গেছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। পুরো বাস্তবায়ন হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে। পুরোটা বাস্তবায়নের পর বেতন-ভাতা দিতে সরকারের বছরে বাড়তি ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
নতুন সরকার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ বিমানের জন্য ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে গত এপ্রিল মাসে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই অর্থ অবশ্য এখনই পরিশোধ করতে হবে না। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ দেশে আসবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বোয়িংয়ের উড়োজাহাজ কিনতে সরকারের সরাসরি ব্যয় হবে না। ঋণ পাওয়া যাবে। তবে সরকারকে সাধারণত গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হয়। বিমান বাংলাদেশ এসব উড়োজাহাজ চালিয়ে যথেষ্ট আয় করতে না পারলে তখন সমস্যা হবে।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর ‘আ.লীগের নাশকতায় বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্য: হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে ‘রিকনসিলিয়েশনের’ একটা আলোচনা দেশের রাজনীতিতে ছিল। সরকারি দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছিলেন। তবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে সেই সুযোগ পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে বেশ আগেই নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত।
কারণ, সরকারের বিরুদ্ধে জনমনে এখনো বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি হয়নি। সরকারের মেয়াদেরও খুব বেশি পার হয়নি। তাছাড়া যে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও দমন-পীড়নের কারণে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো অনুশোচনা বা ব্যাখ্যা দেয়নি দলটি। উলটো তারা এখনো ‘ষড়যন্ত্রতত্ত্ব’ সামনে রেখে গায়ের জোরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে দলটিকে কেন্দ্র করে ‘রিকনসিলিয়েশন’ বা রাজনৈতিক সমঝোতার যে আলোচনা ভেতরে শুরু হয়েছিল, সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই সুযোগও হারাচ্ছে।
অন্যদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মতামতও প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ দলগুলোর নেতারা মনে করছেন, সরকারের মেয়াদের মাত্র ১০ মাসের মাথায় সহিংস পরিস্থিতি তৈরি করার চেষ্টা আওয়ামী লীগের হঠকারিতা আর কিছুই নয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মতে, আওয়ামী লীগ যেটা করছে, সেটা কোনোভাবেই রিকনসিলিয়েশন বা সম্প্রীতির রাজনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। বরং এটি নিশ্চিহ্ন করার রাজনীতি। অর্থাৎ, সবকিছু নির্মূল করে এককভাবে ক্ষমতা দখল ও শাসন পরিচালনার মানসিকতা থেকেই তারা এগোচ্ছে। কিন্তু এ ধরনের রাজনীতি আওয়ামী লীগের জন্য যেমন কল্যাণকর হবে না, তেমনই দেশের জন্যও মঙ্গল বয়ে আনবে না।
কালের কণ্ঠ
‘চড়া দামের এলএনজিতে কমিশন বাণিজ্য’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে কমিশন বাণিজ্যের পুরনো চক্র। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক দরপত্রের বাইরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এলএনজি কেনাকাটার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।
এতে আমদানির আড়ালে কমিশন বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতে এলএনজি ও জ্বালানি তেল আমদানিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের একটি চক্র আবারও সংকটকে পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে গিয়ে নজিরবিহীন আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা।
এর বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ চার মাসেই বাজেট বরাদ্দের প্রায় ২.৭ গুণ ভর্তুকি দিতে হয়েছে।
একদিকে এলএনজি আমদানির জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, অন্যদিকে ভর্তুকি মেটাতে সরকারের ওপর বাড়ছে অর্থের চাপ।
আমদানির অর্থ পরিশোধে ডলারের চাহিদা বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ডিপিএমের মাধ্যমে কেনাকাটায় অস্বচ্ছতা ও কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশে আমদানীকৃত প্রতি পার্সেল বা কার্গো এলএনজিতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে, যার বর্তমান বাজারদর অনুযায়ী ব্যয় পড়ে প্রায় এক হাজার ১০০ থেকে এক হাজার ২৩০ কোটি টাকা। প্রতি কার্গোতে একটি সংঘবদ্ধ চক্র ১৮-২০ মিলিয়ন ডলার পর্যন্ত (প্রায় ২২৫-২৫০ কোটি টাকা) কমিশন হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই খাতের পুরনো সিন্ডিকেটের পকেটেই ঢুকছে এই অর্থ।
ইত্তেফাক
‘প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ সোমবার মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র ইত্তেফাককে জানায়, সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে তা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে তৈরিকৃত তালিকায় প্রয়োজনে সংযোজন-বিয়োজন হতে পারে। তবে, আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তুর সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। এই সারক্ষেপের ভিত্তিতে প্রতিটি সংলাপের প্রারম্ভে প্রধানমন্ত্রী আমন্ত্রিত দল-জোটগুলোর নেতাদের উদ্দেশে সূচনা বক্তব্য রাখবেন। এরপর দ্বি-পাক্ষিক মতবিনিময় হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ হওয়ার কথা রয়েছে। সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীরা থাকবেন।
সংলাপের প্রেক্ষিত সম্পর্কে ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতা জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, তবে সেখান থেকে তারা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সেটিকে কেন্দ্র করে দেশে চালানো হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ দুপুরে তার সঙ্গে সাক্ষাত্ করবে এনসিপির প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এই ডাক দিয়ে তিনি বলেছেন, ‘পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’
বুধবার সংসদে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেওয়ার আগে তিনি সংসদ ভবনে নিজ কার্যালয়ে একান্তে বৈঠক করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়। অন্যদিকে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোত্পাটন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে।
নয়া দিগন্ত
‘৫০০ টাকার ফি ১৫৫০’—এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি সাব-কন্ট্রাক্টিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর চূড়ান্ত হওয়া কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার। বর্তমানে এ ফি ৫০০ টাকা। ডলারে ফি নির্ধারণের ফলে প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে যাত্রীদের দিতে হবে এক হাজার ৫৫০ টাকা। অর্থাৎ বর্তমান ফির তুলনায় তিন গুণেরও বেশি অর্থ গুনতে হবে যাত্রীদের।
চুক্তির শর্ত অনুযায়ী, সরকার পাবে ৮ দশমিক ১ মিলিয়ন ডলার অগ্রিম অর্থ, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।
চুক্তিটি অনুমোদনের জন্য ইতোমধ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। কমিটির বৈঠক জরুরি ভিত্তিতে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকে কনসেশন চুক্তির অনুমোদন মিলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, কনসেশন মেয়াদ শুরু হবে ‘ক্যাপাসিটি মাইলস্টোন ডেট’ (সিএমডি) থেকে। অর্থাৎ টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার দিন থেকে ১৫ বছর গণনা করা হবে। প্রকল্প হস্তান্তরের পর আট মাসের মধ্যে অপারেশন শুরু এবং ১৪ মাসের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর কথা রয়েছে।
বণিক বার্তা
দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম ‘দেশে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা’। প্রতিবেদনে বলা হয়, দেশে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে শিক্ষার্থীর হার এখন প্রায় ১৭ শতাংশ, ২০২১ সালে যা ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশে এইডস আক্রান্ত শিক্ষার্থীর হার দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর দেশে মোট ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা এবং পরীক্ষার সুযোগের অভাব পরিস্থিতিকে সামনের দিনে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বৃদ্ধির ঘটনা উদ্বেগজনক। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সহজে এইচআইভি পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। অন্যদিকে আক্রান্ত তরুণদের চিকিৎসার আওতায় আনা এবং তাদের প্রতি সামাজিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও আচরণ দূর করার ওপরও জোর দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ২২৩ জন (১৫ দশমিক ৫০ শতাংশ)। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ), ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) ও ২০২১ সালে ৭২৯ জনের মধ্যে ৫২ জন (৭ দশমিক ১৩ শতাংশ) শিক্ষার্থী ছিল। শেষ পাঁচ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২২ সালে আক্রান্ত শিক্ষার্থীর হার কিছুটা কমলেও পরবর্তী বছরগুলোয় তা ধারাবাহিকভাবে বেড়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি-সংক্রান্ত তহবিল মূলত বিদেশ থেকে আসত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক বিদেশী তহবিল আসা বন্ধ হয়ে যায়। এ কারণে এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে। সামগ্রিকভাবে আমাদের এইচআইভি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। তবে প্রচার-প্রচারণা বন্ধ করা যাবে না। বিভিন্ন স্কুল, ক্লাব ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। শুধু বিদেশী অর্থায়নের ওপর নির্ভর নয়; নিজেদের সক্ষমতাও বাড়াতে হবে।’
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘সংলাপ শুরু আজ: ঐক্যের আলাপে প্রত্যাশার চাপ’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে অন্য দলের সঙ্গে কবে বৈঠক হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একাধিক সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, আজ দুপুরে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সংলাপের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে কিছু প্রশ্ন ও প্রত্যাশা রয়েছে। বিশেষ করে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার চায় তারা।
ক্ষমতাসীন দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই—এটাই বিশ্বাস করি।’
তবে সংলাপ শুরুর আগেই বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলেছে এনসিপি। জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দেশ রূপান্তর
‘মেয়াদ বৃদ্ধির পরই বন্ধ তিন হাজার কোটির প্রকল্প’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, নানা জল্পনা-কল্পনার পর আলোচিত ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়ার সাড়ে তিন মাসের মাথায় প্রকল্প বাস্তবায়ন না করে উল্টো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, যেসব সরবরাহকারী রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় না এনে বরং রক্ষা করা হয়েছে। প্রকল্প বন্ধে বড় ভূমিকা রেখেছেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তার সঙ্গে আছে সরবরাহকারী চক্র।
৩ হাজার ২০ কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি অনুমোদন করা হয় ২০২০ সালে। তখন কৃষিমন্ত্রী ছিলেন ড. আব্দুর রাজ্জাক। প্রকল্পের লক্ষ্য ছিল ভর্তুকি সহায়তায় কৃষকের হাতে ৫১ হাজারের বেশি আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া। প্রকল্পের আওতায় সরকার সমতল এলাকায় কৃষিযন্ত্রে ৫০ শতাংশ ও হাওরাঞ্চলে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায় ২০২৫ সালের জুনে। তবে অব্যয়িত ছিল ৫২৮ কোটি টাকা। প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিএনপি সরকার উদ্যোগ নেয় এটি বাস্তবায়নের। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনও দুই বছর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়। কিন্তু অনুমোদন দেওয়ার কয়েক মাসের মাথায় আবারও প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সূত্রগুলো বলছে, প্রকল্পটি যাতে পুনরায় বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানাভাবে কৃষি মন্ত্রণালয়ে চাপ তৈরি করে অর্থ লোপাটে জড়িত যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তাদের সঙ্গে যোগসাজশ রয়েছে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমানের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নিলে তিনি এটি বন্ধের জন্য জোর চেষ্টা চালান। এ নিয়ে একাধিকবার সাবেক কৃষি সচিব রফিকুল ই-মোহামেদের সঙ্গে মতোবিরোধও তৈরি হয়েছিল। সচিবের নির্দেশের পরও বারবার বিরোধিতা করে গেছেন মির্জা আশফাক। যদিও তিনি অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিরোধিতা করে আসছিলেন।
প্রকল্পটি বন্ধের কারণে কৃষকের স্বার্থ ভুলে উল্টো দুর্নীতিবাজদের রক্ষা করার অভিযোগ উঠেছে। তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প চলমান, যেগুলোতে কৃষিযন্ত্র বিতরণের ব্যবস্থা রয়েছে। যান্ত্রিকীকরণ প্রকল্পটি ছিল ‘ওভারল্যাপিং’। সুতরাং এটি না থাকলে কৃষির যান্ত্রিকীকরণে কোনো বাধার সৃষ্টি হবে না। একই সঙ্গে যান্ত্রিকীকরণের কোনো টাকা অন্য কোনো প্রকল্পে নেওয়ার দরকার নেই। কারণ তিনটি প্রকল্পে যথেষ্ট বরাদ্দ রয়েছে যন্ত্রের জন্য।’ তিনি বলেন, ‘প্রকল্পটি নেওয়াই হয়েছিল লুটপাটের উদ্দেশে। লুটেরাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের আইনের আওতায় আসতেই হবে।’
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা’। খবরে বলা হয়, দেশের বৃহত্তর স্বার্থে আবারও জাতীয় ঐক্য গড়তে যাচ্ছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটছে তারা। অবশ্য পতিত আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ না দেওয়ার বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আগে কিছু দাবিদাওয়া তুলে ধরবে বিরোধী দলগুলো। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ সরকারকে কিছু শর্ত দেবে সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।
এহেন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতা প্রতিরোধ এবং বৃহত্তর জাতীয় স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সংসদ ও সংসদের বাইরে থাকা যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। সংলাপের ধারাবাহিকতায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নাহিদ ইসলামের লন্ডন সফর শেষে গতকাল দেশে ফেরার পর আজ দুপুরে বৈঠকের চূড়ান্ত সময় নির্ধারিত হয়। সংলাপের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় নাহিদ ইসলাম বলেছেন, ঐক্য চাইলে সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গাচুক্তি নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।
সরকারি ও দলীয় উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। এনসিপির পর পর্যায়ক্রমে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং বিগত দিনের যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গেও আলাদাভাবে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দেয়। সংলাপের মূল প্রেক্ষাপট ও লক্ষ্য : সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাইছে সরকার। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
