২০২৬ সালে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই। নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম সুযোগ মার্চের শেষ সপ্তাহে। তবে সেই উইন্ডোর আগেই জাতীয় দলকে মাঠে নামানোর সম্ভাবনা তৈরি হয়েছে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে বাংলাদেশের বিপক্ষে এক কিংবা একাধিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান। সম্প্রতি কিরগিজ ফুটবল ফেডারেশনের এই আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে জাতীয় দলের সাবেক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। আগামী ২২-৩০ মার্চ ২০২৭ প্রথম ফিফা উইন্ডো। তার আগে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চায় বাফুফে।
তবে জানুয়ারিতে ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ ফুটবল লীগ ২৭শে নভেম্বর পুনরায় শুরু হয়ে প্রথম লেগ শেষ হওয়ার কথা ১৬ই জুন। এরপর মধ্যবর্তী দলবদলের বিরতিতে জাতীয় দলের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে ফেডারেশনের। তাই জাতীয় দল কমিটির আগের সভায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। সিনিয়র দলের খেলোয়াড়দের পাওয়া না গেলে অনূর্ধ্ব-২৩ দলকে তুরস্কে পাঠানোর ভাবনাও রয়েছে। তবে তুরস্কের শীতকালীন আবহাওয়া, কিরগিজস্তানের সুযোগ-সুবিধা এবং দল গঠনের বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেবে বাফুফে। ম্যাচ আয়োজনের আলোচনা ছাপিয়ে শনিবার জাতীয় দল কমিটির সভায় উঠে এসেছে সাফ ব্যর্থতা ও দলের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। কোচ থমাস ডুলি যেমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তেমনি ম্যানেজার, টিম লিডার ও কো-অর্ডিনেটরের সমন্বয়হীনতা নিয়েও আলোচনা হয়েছে।
এই পরিস্থিতির জন্য দায়ী কারা এবং কেন সমস্যার সমাধান হচ্ছে না, তা নিয়ে সভাপতি তাবিথ আউয়ালকে কড়া প্রশ্ন করেন কমিটির এক সদস্য। আসিয়ান কাপ ও সাফে বাংলাদেশ দলের টিম লিডার ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ইকবাল হোসেন। অথচ ক্যাম্প ও প্রথম দুই ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর আবার তার উপস্থিতি দেখা যায়। শুক্রবার হামজাকে দুই পাশে দুই হাত ধরে নামাজ পড়তে নিয়ে যাওয়ার দৃশ্যেও ছিলেন তিনি ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। সাফ ব্যর্থতার জন্য সমপ্রতি কোচকে দায়ী করেছেন ইকবাল হোসেন। অথচ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত ছিলেন না। কোচ ও কর্মকর্তাদের প্রকাশ্যে মন্তব্য এবং গণমাধ্যমে সাক্ষাৎকারের বিষয়গুলোও কোড অব কন্ডাক্টের আওতায় আনার আলোচনা হয়েছে।
জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আচরণবিধি তৈরির জন্য সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন সভাপতি। আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ ৯ গোল হজম করে। নাইট ক্লাব ইস্যু নিয়েও বিতর্ক ছিল। কিন্তু ম্যানেজার, টিম লিডার কিংবা কো-অর্ডিনেটরের রিপোর্ট জাতীয় দল কমিটির সদস্যদের সামনে আসেনি। এদিন সভা শেষে কমিটির চেয়ারম্যান হিসেবে তাবিথ আউয়াল সাংবাদিকদের সামনে আসেননি। তার পরিবর্তে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। ফলে ব্যর্থতার জবাব জানতে গণমাধ্যমের অপেক্ষা যেন আরও দীর্ঘ হলো।
