ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখতে চান রাজ্জাক

ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখতে চান রাজ্জাক

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকা সিরিজের জোহানেসবার্গে প্রথম টেস্টে হারের পর সেঞ্চুরিয়নে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগেও বাংলাদেশের সামনে বড় প্রশ্ন টাইগারদের পারফরম্যান্স নিয়ে। বিশেষ করে ধারাবাহিকতাহীন ব্যাটিং। এ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তার মতে ব্যাটিংয়ের বড় গলদটাই হচ্ছে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে না পারা। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিং বিভাগটিকে আরেকটু ধারাবাহিক হতে হবে। যেন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, হাতে যদি এক দিন বাকি থাকে তবে আমরা ম্যাচ ড্র করার জন্য সেই দিনটি পার করে দিতে পারবো। আবার এমনও হতে পারে যে ড্র করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে আমরা জয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি, তখন আমরা জয়ের জন্যই খেলবো। এমনটি করার জন্য ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা প্রয়োজন, সেই ধারাবাহিক পারফরম্যান্সটাই আমি ব্যাটিং বিভাগ থেকে দেখতে চাই।’ প্রথম টেস্টে তাওহীদ হৃদয় ১৩৭ ও লিটন দাস ১২০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় দল। রাজ্জাক মনে করেন টেস্টে এই জায়গায় এখনো উন্নতির ভীষণ প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিংয়ে একই চিত্র দেখা গেছে। এক ইনিংসে রান এলেও পরের ইনিংসে ব্যাটাররা উইকেট বিলিয়ে দিচ্ছেন। দলের এমন পারফরম্যান্সের পর চারদিকে সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনা নিয়ে রাজ্জাক বলেন, ‘ইদানীং আমরা যেভাবে কথা বলছি, তাতে মানুষের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল হয়তো ১৫ নম্বর দল। যদি ১০টি দল থাকে, তারপরেও আরও ৫টি দল পেছনে আছে বাংলাদেশ- বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘সমালোচনারও তো একটা সীমা থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। আমি জানি না, এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ, যার যার মতামত সে দিচ্ছে, গালিগালাজ বা যা খুশি তাই করছে। অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ জেতার অর্থ এই নয় যে দল সব জায়গায় জিতবে।

খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি না করে সময় দিতে হবে।’ জোহানেসবার্গ টেস্টে পেসার ইবাদত হোসেনের খেলা এবং শরীফুল ইসলামের একাদশে না থাকা নিয়ে সমালোচনা চলছে। দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে রাজ্জাক বলেন, ‘ইবাদত কেন খেলেছে বা খেলেনি, সে বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে টিম ম্যানেজমেন্ট। তাদের কাছ থেকে কে বেশি ফিট ছিল, কে কী অবস্থায় ছিল- এটা টিম ম্যানেজমেন্টের চেয়ে ভালো কেউ বলতে পারবে না, একদমই কেউ না।’ তিনি জানান, খেলার আগে সিদ্ধান্ত নেয়া বেশ কঠিন কাজ। টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা অনুযায়ী একাদশ সাজিয়েছে। চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার মুশফিকুর রহীম। হাসানের অনুপস্থিতি নিয়ে রাজ্জাক বলেন, ‘তার মতো (হাসান) নিয়মিত পারফরম্যান্স করা খেলোয়াড় যখনই কোনো দল থেকে বাইরে চলে যায়, তখন অবশ্যই সেই দলকে কিছুটা ভুগতে হয়। কারণ হাসান সবশেষ যে কয়টি ম্যাচ খেলেছে, প্রায় প্রত্যেকটি ম্যাচেই তার পাঁচটি করে উইকেট আছে, আর শেষ ম্যাচেও চার উইকেট পেয়েছে। হাসানের জায়গায় যিনি আসবেন তার জন্য এটি প্রমাণ করার সুযোগ বলে মনে করি আমি।’ দলের স্পিন বোলিং নিয়েও নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক স্পিনার রাজ্জাক।

জোহানেসবার্গে প্রতিপক্ষের স্পিনার সাইমন হারমারের বোলিংয়ে বাংলাদেশ দল গুটিয়ে গিয়েছিল। অথচ বাংলাদেশের স্পিনাররা ম্যাচে সুবিধা করতে পারেননি। স্পিন বিভাগ নিয়ে রাজ্জাক বলেন, ‘আমাদের স্পিন বোলিংয়ে আরেকটু উন্নতি করা দরকার বলে আমি মনে করি। কারণ প্রতিপক্ষের একজন বা দুজন স্পিনার আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে, অথচ আমরা তিনজন স্পিনার খেলিয়েও তাদের কঠিন সময় উপহার দিতে পারিনি।’ তিনি জানান, বোলিং ও ব্যাটিংয়ের এই ঘাটতিগুলো খুঁজে বের করে কাজ করতে হবে। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে পেসারদের শিকার প্রায় ৮৯ শতাংশ উইকেট। মেঘলা আকাশে কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও মার্কো ইয়ানসেনদের সামলানো বাংলাদেশের ব্যাটারদের জন্য পরীক্ষা হবে। প্রথম ১০ থেকে ১৫ ওভার টিকে থাকতে পারলে উইকেটে রান করা সম্ভব। নাজমুল হোসেন শান্তর দলকে এই চ্যালেঞ্জ নিতে হবে।