সেঞ্চুরিয়ন টেস্টের জন্য চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের একাদশ দেখে ধারণা পাওয়া যায় সুপার স্পোর্ট পার্কে পেসারদের রাজত্ব থাকবে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে পেসবান্ধব কন্ডিশনে আক্রমণভাগে চার পেসার নাকি সাত ব্যাটারের রক্ষণাত্মক ছঁকে নামবে বাংলাদেশ দল- সেটিই এখন বড় প্রশ্ন। একাদশ যেমন হোক না কেন টাইগারদের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই। এ ম্যাচে তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা রাখছেন টাইগার কোচ ফিল সিমন্স। দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু দুপুর ২টায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘এই টেস্ট অনেক কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, আমরা অ্যাওয়েতে ভালো খেলতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করছি।’
মাঠের লড়াইয়ে নামার আগে দুই শিবির ভুগছে চোট সমস্যায়। গ্রোয়েন ইনজুরির কারণে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। এর আগে কনুইয়ের চোটে পড়া হাসান মাহমুদের দক্ষিণ আফ্রিকা সফরে আর খেলা হচ্ছে না। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে। কাফ ইনজুরিতে পড়া বাভুমার বদলে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। মুশফিকের ছিটকে যাওয়ায় টিম ম্যানেজমেন্টের সামনে নতুন চ্যালেঞ্জ। তবে জুনিয়র ক্রিকেটারদের প্রতি আস্থা সিমন্সের। তিনি বলেন, ‘১০৮টি টেস্ট ম্যাচ কভার করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আমরা দেখলাম, আরও একটু সিনিয়র ক্রিকেটার মুমিনুল ছিল না, সেখানে হৃদয় দায়িত্ব নিয়েছে। আমরা সেই চেষ্টাই করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে তাকে দায়িত্ব নিতে হবে। হাসানও চলে গেছে। তবে আমাদের ৪ জন পেসার আছে। কাউকে না কাউকে হাসানের ওয়ার্কলোড নিতে হবে।’ দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০ ইনিংসে মুমিনুল হকের ব্যাটিং গড় ১০.৬০।
যদি মুমিনুলকে বিশ্রাম দেয়া হয়, তবে একাদশে ফিরতে পারেন জাকের আলী। হাসান মাহমুদ দেশে ফিরে আসায় স্কোয়াডে পেসার এখন চারজন। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের একাদশে ফেরা নিশ্চিত। চার পেসার খেলালে সুযোগ পাবেন সৈয়দ খালেদ আহমেদও। এমনকি তিন পেসার খেলালেও তাসকিন আহমেদের ওয়ার্কলোড বিবেচনায় বা প্রথম টেস্টে নিষ্প্রভ থাকা ইবাদত হোসেনের জায়গায় খালেদকে দেখা যেতে পারে। সেঞ্চুরিয়নের উইকেট যেন পেসারদের স্বর্গ। পরিসংখ্যান অন্তত তাই বলছে। এই মাঠে ৩০ টেস্টে পেসারদের শিকার ৭৭৩ উইকেট। যা মোট উইকেটের প্রায় ৮৯ শতাংশ। বিপরীতে স্পিনাররা পেয়েছেন ১০৩টি উইকেট। শেষ পাঁচ টেস্টে পেসারদের ১৬৫ উইকেটের বিপরীতে স্পিনারদের শিকার মাত্র ৮ উইকেট। সেঞ্চুরিয়নে সফল বোলারদের তালিকায়ও পেসারদের একচ্ছত্র আধিপত্য। ডেল স্টেইন (১০ ম্যাচে ৫৯ উইকেট) ও কাগিসো রাবাদার (৯ ম্যাচে ৫৯ উইকেট) পরই আছেন মাখায়া এনটিনি (৫৪ উইকেট)। প্রথম টেস্টে ৮ উইকেট নেয়া রাবাদার সঙ্গে মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডাররা ফের বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবেন। এই মাঠে সর্বশেষ টেস্ট খেলা উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান চার পেসার নিয়ে মাঠে নেমেছিল। ভারতের একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং পাকিস্তানের একাদশে অলরাউন্ডার সাইম আইয়ুব স্পিনের ভূমিকা সামলান।
সেঞ্চুরিয়নের উইকেট নিয়ে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘সেঞ্চুরিয়নে ব্যাটার হিসেবে আপনাকে চ্যালেঞ্জের সামনে পড়তেই হবে। শুরুর দিকে বোলাররা আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। এরপর আপনি রান বের করতে পারবেন। বোলারদের দিক থেকে বললে উল্টো ঘটনা। এখানে উইকেট তোলার সুযোগ আছে। আবার জুটি দাঁড়িয়ে গেলে সেই জুটি ভাঙা কঠিন হয়ে যেতে পারে।’ গুঞ্জন আছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর চাকরি হারাতে পারেন সিমন্স। এ নিয়ে মাথাব্যাথা নেই তার। সিমন্স বলেন, ‘চুক্তি বা এসব নিয়ে আমার ও বোর্ডের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। এসব আলোচনা আমাকে বিরক্ত করছে না।’
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ৩০ টেস্টের ১৩টিতে জিতেছে আগে ব্যাট করা দল। ১৪ ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল। বাকি ৩ ম্যাচ ড্র।
৩০ টেস্টের ২৪টিতে জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ৩২২। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে গিয়ে হার দেখে টাইগাররা।
