বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো আরচারির সভাপতি হচ্ছেন চপল

ফন্ট সাইজ:

কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে। এরপর অ্যাডহক কমিটির সভাপতি। এবার নির্বাচিত কমিটিরও নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো এই পদে বসতে যাচ্ছেন চপল। আগামী ৩০শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাচন। এর আগে ২৬শে নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬২ জন কাউন্সিলর। সভাপতি পদে একক প্রার্থী থাকলেও অন্য পদগুলোতে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সহ-সভাপতির পাঁচটি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ছয়জন। সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনজন। দুটি যুগ্ম সম্পাদক পদের বিপরীতে প্রার্থী তিনজন এবং কোষাধ্যক্ষের একটি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন দু’জন। এ ছাড়া ১৯টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২২ জন। মনোনয়ন জমা দেয়ার পর চপল বলেন, আরচারি একটি সুশৃঙ্খল ক্রীড়া সংস্থা। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনেই তারা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার ও আন্তর্জাতিক ফেডারেশনের বিধিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত কমিটির মাধ্যমে জাতীয় ফেডারেশন পরিচালনা আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্যতম প্রত্যাশা। অ্যাডহক ও নির্বাচিত কমিটির দায়িত্বের পার্থক্য তুলে ধরে চপল বলেন, নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রত্যেক সদস্যের দায়িত্ব ও জবাবদিহি বেড়ে যায়।
বাংলাদেশ আরচারি দলকে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যও জানিয়েছেন তিনি। এ জন্য সাত বছরের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনায় কোচের সংখ্যা বাড়ানো এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। চপলের দাবি, এই মহাপরিকল্পনাই তাদের নির্বাচনী ইশতেহার।