প্লে-ব্যাক সংগীত থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন সংগীত জগতে নিরবচ্ছিন্নভাবে কাজ করার পর এখন তিনি বেশ ক্লান্ত অনুভব করছেন। তাই ভবিষ্যতে প্লে-ব্যাক গান থেকে বিরতি নেয়া কিংবা ধীরে ধীরে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি ভাবছেন। শ্রেয়া বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংগীত জগতে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা সব সময় আনন্দদায়ক নয়। বিশেষ করে লাইভ পারফরম্যান্সে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার তাকে হতাশ করে। তার মতে, অনেক সময় মঞ্চে শিল্পীদের প্রকৃত কণ্ঠের বদলে প্রযুক্তিনির্ভর পদ্ধতির ওপর বেশি নির্ভর করা হচ্ছে।
লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক বা পূর্বে রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলানোর প্রবণতার ব্যাপারে তিনি স্পষ্ট আপত্তি জানিয়েছেন। শ্রেয়ার ভাষায়, যেদিন তাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই তিনি গান গাওয়া ছেড়ে দেবেন। তবে পুরোপুরি অবসর নেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে গান গাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই শিল্পী।
দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রেয়া ঘোষাল উপ-মহাদেশের সংগীতাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তার কণ্ঠে গাওয়া অসংখ্য চলচ্চিত্রের গান দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই প্লে-ব্যাক থেকে তার সম্ভাব্য বিরতির খবর সংগীতপ্রেমীদের মাঝেও বেশ আলোচনা সৃষ্টি করেছে।
