গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি বাংলাদেশ

ফন্ট সাইজ:

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামছে বাংলাদেশ। কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে সাইফ হাসানের দল। ম্যাচ শুরু বিকাল ৪টায়। গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। সমান চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে লঙ্কানরা। হংকং এর বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান তোলে হংকং। বাংলাদেশের হয়ে তরুণ পেসার ইকবাল হোসেন ইমন ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন ১২ রানে সাজঘরে ফেরেন। তবে শাহাদাত হোসেন দীপুর ৪৩, ইয়াসির আলী রাব্বির ৭১ ও ম্যাচ সেরা ও দলীয় অধিনায়ক সাইফ হাসানের ৮৬ রানে ভর করে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ হাসানের দল।

১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর পর ১৬২ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে চাপ সামলে এক চার ও এক ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ১১ নম্বরে নামা পেসার ইকবাল হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তান ম্যাচের ভুল-ত্রুটি কাটিয়ে ওঠাই বাংলাদেশ ‘এ’ দলের অন্যতম চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বির পাশাপাশি বোলিংয়ে পেসার ইকবাল হোসেন ইমন ও রিপন মণ্ডলের দিকে তাকিয়ে থাকবে দল। অন্যদিকে ব্যাটিং-বোলিং দুই বিভাগে দাপট দেখিয়ে শেষ চারে উঠেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটে জয় পায় তারা। পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২৮৪ রানের বড় সংগ্রহ গড়ে ২৪ রানের জয় তুলে নেয় পাভান রত্নায়েকের দল।

লাসিথ ক্রুসপুলে, নিশান মাদুশকা ও জানিথ লিয়ানাগেরা ফর্মে থাকায় লঙ্কান ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। এছাড়া স্পিনার বিজয়াকান্ত বিয়াস্কান্ত বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারেন। দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পান। ম্যাচ গড়ানোর সঙ্গে কার্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। প্রথম ইনিংসে এ মাঠের গড় রান ২৩৮। এ মাঠে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ মাঠে গড়িয়েছে। সবকটি ম্যাচে জয়ী হয়েছে আগে ব্যাট করা দল। ২৬শে নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে। ২৭শে নভেম্বর হবে দ্বিতীয় সেমিফাইনাল। একদিন পর ২৭শে নভেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এশিয়া কাপ রাইজিং স্টারের এবারের আসর। টুর্নামেন্টের সবশেষ আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।