ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুনসন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুনসন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রলবোমা মারছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব আগুনসন্ত্রাস চলতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুনসন্ত্রাস রুখে দেয়া হবে। নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশের সাধারণ ছাত্র-জনতার উপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের উপরে কিভাবে হামলা করেছে!  হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব দেশের মানুষের মনে আছে। বাংলাদেশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে নৈরাজ্য করার চেষ্টা করছে - দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। দুলু বলেন, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। তাদের সকল অপকর্ম সর্ম্পকে দেশের মানুষ সজাগ রয়েছে। সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এর আগে দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে মিলিত হয়।