দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নতুন এই সমঝোতা স্মারকের আওতায় ‘ক্রীড়া কার্ডধারী’ খেলোয়াড় এবং তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড় থাকবে। এ ছাড়া ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি ভর্তি রোগী এবং কেমো ডে কেয়ার বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে ‘লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেড’-এর মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা নির্ধারিত ছাড়ে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট, বাসা থেকে নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধাও পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমেই একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
