ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট রেখেছে, যা আগামী বছর ৩ শতাংশে উন্নীত করা হবে। গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ড. আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, সরকার আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিবে। কারণ গবেষণালব্ধ ফলাফল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে। অর্থনীতির দুরবস্থা মোকাবিলায় গার্মেন্টসশিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা রয়েছে, যা গবেষণার জন্য উন্মুক্ত। বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। মূল প্রবন্ধ উপস্থাপনে অধ্যাপক ড এ কে এম আহসান কবীর বিশ্ববিদ্যালয়ের পূর্ব ইতিহাস তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিচিতি তুলে ধরেন।
কর্মশালায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হল-ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড।
