থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের মাল্টিপল ভিসা দেয়ার আশ্বাস দিয়েছে দেশটি। চাহিদাসম্পন্ন রোগীদের একাধিকবার থাইল্যান্ডে যাতায়াতের জন্য এ ভিসা দেয়া হবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। এ সময় থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল ভিসা সহজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। জবাবে প্রয়োজন রয়েছে এমন চিকিৎসাপ্রার্থীদের মাল্টিপল ভিসা দেয়া হবে বলে আশ্বাস দেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ। উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা পাওয়ার আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যুক্ত হওয়ার আকাক্সক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রসঙ্গ তুলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা চান তিনি। এসব বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত।
