স্ট্যামফোর্ড ব্রিজে যেন ঝড়ই তুললো লিডস ইউনাইটেড। ঘরের মাঠে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে সফরকারীরা শুধু তিন পয়েন্টই আদায় করেনি, আরও গভীর করেছে ব্লু কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। নোয়া ওকাফরের জোড়া গোলের রাতে ১৯৯৯ সালের পর প্রথমবার চেলসির মাঠে জয়ের স্বাদ পেলো লিডস।
ইংলিশ প্রিমিয়ার লীগের শনিবারে ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে যায় চেলসি। নিজের প্রথম শুরুর একাদশে জায়গা পাওয়া ইমানুয়েল এমেঘার গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরান ওকাফর। এরপর দ্বিতীয়ার্ধে চেলসিকে কার্যত উড়িয়ে দেয় ড্যানিয়েল ফার্কের দল।
মরগান রজার্সের হাতে বল লাগার ঘটনায় ভিএআরের পর পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন। ৫৮ মিনিটে কাছ থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ওকাফর। যোগ করা সময়ে ব্রেন্ডেন অ্যারনসনের গোলে পূর্ণতা পায় লিডসের ঐতিহাসিক জয়।
ম্যাচের পর চেলসি কোচ আলোনসোর কণ্ঠে ছিল হতাশা ও আত্মসমালোচনা। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, মানসিকভাবে আমরা এখন ভঙ্গুর অবস্থায় আছি। আত্মবিশ্বাসের সংকটও রয়েছে। প্রতিপক্ষের একটি আঘাতের পর আমরা যথেষ্ট শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারছি না।’ আলোনসোর মতে, মোয়েসেস কাইসেদো চোট পেয়ে মাঠ ছাড়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় চেলসি। তিনি বলেন, ‘আমরা চাপ সামলাতে পারিনি, গোলের কাছাকাছিও যেতে পারিনি। সমাধান খুঁজে বের করতেই হবে।’
অন্যদিকে লিডসের আধিপত্যের পরিসংখ্যানও চোখে পড়ার মতো। চেলসির বিপরীতে তারা তৈরি করে সাতটি বড় গোলের সুযোগ, যেখানে স্বাগতিকদের এমন সুযোগ ছিল শূন্য। লিডসের গোলদাতা ক্যালভার্ট-লুইন বলেন, ‘দ্বিতীয়ার্ধে চেলসির কাছ থেকে আরও বেশি তীব্রতা আশা করেছিলাম। কিন্তু আমাদের খেলার গতি ও কৌশল তারা সামলাতে পারেনি।’ কোচ ফার্কে তো আরও একধাপ এগিয়ে বলেন, ‘প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আমরাই ভালো খেলেছি। ড্র হলেও আমি হতাশ হতাম। এই ম্যাচ আবার দেখার জন্য তর সইছে না।’
এই জয়ে লিডস উঠে এসেছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে চার ম্যাচে তিন হার নিয়ে চেলসি নেমে গেছে অষ্টম স্থানে। প্রতিপক্ষ লিডস ও টটেনহ্যামের কাছে ৬৭ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে হারার তিক্ত রেকর্ডও গড়েছে ব্লুজরা। কারাবাও কাপ থেকে বিদায় এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার বাইরে থাকা চেলসির জন্য পরিস্থিতি এখন আরও কঠিন। একই রাতে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের কষ্টার্জিত ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে টেবিলের চূড়ায় থাকা আর্সেনাল।
